সুদানে শান্তি রক্ষা মিশনে প্রাণ হারালেন বাংলাদেশের ৬জন

সুদানে আবেই এলাকায় জাতিসংঘের মিশনে হামলায় হতাহত বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
 
রবিবার আইএসপিআরের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেজে শনিবার স্থানীয় সময় বেলা ৩টা ৪০ থেকে ৩টা ৫০ মিনিটের মধ্যে সশস্ত্র গোষ্ঠী ড্রোন হামলা চালায়। এ হামলায় দায়িত্বরত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন। আহ*ত হন আরও আটজন শান্তিরক্ষী।
 
আইএসপিআরের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতরা হলেন- কর্পোরাল মো. মাসুদ রানা (নাটোর), সৈনিক মো. মমিনুল ইসলাম (কুড়িগ্রাম), শামীম রেজা (রাজবাড়ী) ও শান্ত মন্ডল (কুড়িগ্রাম), মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ) এবং লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)।
 
আহত শান্তিরক্ষীরা হলেন- লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান (কুষ্টিয়া), সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন (দিনাজপুর), কর্পোরাল আফরোজা পারভিন ইতি (ঢাকা), ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম (বরগুনা), সৈনিক মো. মেজবাউল কবির (কুড়িগ্রাম), মোসা. উম্মে হানি আক্তার (রংপুর), চুমকি আক্তার (মানিকগঞ্জ) ও মো. মানাজির আহসান (নোয়াখালী)।
 
আহ*তদের মধ্যে সৈনিক মেজবাউল কবিরের অবস্থা গুরুতর হওয়ায় তার অস্ত্রোপচার করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। তার অস্ত্রোপচার সফল হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আহত অপর সাতজনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে স্থানান্তর করা হয়েছে; তারা সবাই শঙ্কামুক্ত আছেন।