আলাপ ওয়েবসাইটের যাত্রা শুরু

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ডিজিটাল ওয়েব মিডিয়া আলাপ। সোমবার ‘আলাপ’ ওয়েবসাইটের উদ্বোধন করেন শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ, আলাপ হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান ও শেলটেক গ্রুপের ভাইস-চেয়ারম্যান শেখ বশির আহমেদ ও শেলটেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ।

আলাপের ওয়েবসাইট উদ্বোধনের মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষাভাষী দর্শক ও পাঠকরা এখন থেকে অনলাইনে আলাপ নিউজের বিশেষ সংবাদ, ভিডিও ও বিভিন্ন প্রতিবেদন সহজেই খুঁজে পাবেন। 

“কথা চলুক” স্লোগান নিয়ে যাত্রা শুরু করা আলাপ এর আগে থেকেই ইউটিউব ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় নিয়মিত কনটেন্ট প্রকাশ করে আসছে। এবার সেই সব কনটেন্ট পাওয়া যাবে আলাপের ওয়েবসাইটে।  

সোমবার বিকালে উদ্বোধনী অনুষ্ঠানে কুতুবউদ্দিন আহমেদ বলেন, “দর্শকের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। যদিও এটা সময়সাপেক্ষ ব্যাপার, তবে সত্য এবং শিক্ষনীয় কাজ করলে সফলতা আসবে।”

আলাপ হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান ও শেলটেক গ্রুপের ভাইস-চেয়ারম্যান শেখ বশির আহমেদ প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।

শেলটেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও আলাপ হোল্ডিংস লিমিটেডের পরিচালক তানভীর আহমেদ

শেলটেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও আলাপ হোল্ডিংস লিমিটেডের পরিচালক তানভীর আহমেদ বলেন, “আমি আশা করব ’আলাপ’-এ আপনারা সৎ সাংবাদিকতা করবেন। কেউ যেন আপনাদের সংবাদের জন্য ভিকটিমাইজড না হন।”

একপেশে সাংবাদিকতা না করে প্রতিবেদনে সব পক্ষের বক্তব্য তুলে আনার ওপরও জোর দেন তিনি। 

‘আলাপ’-এর প্রধান সম্পাদক ও প্রকাশক সাইফুল হাসান রিকু ডিজিটাল মিডিয়া প্রতিষ্ঠানটির যাত্রা ও বিশেষত্ব নিয়ে বলেন, “আমরা নলেজ বেইসড সাংবাদিকতা করতে চাই। সব সংবাদের পেছনে আমরা ছুটব না।”

অল্প কিন্তু ভালো মানসম্মত কাজ পাঠক ও দর্শককে উপহার দেয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নির্বাহী সম্পাদক আহরার হোসেনের সঞ্চালনায়, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলাপ হোল্ডিংস লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মঈন উদ্দিন ও পরিচালক তৌসিফ ইকবাল সিদ্দিকী।

এছাড়া শেলটেক গ্রুপের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের পরিচালকদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌধুরী জামাল আশরাফ, এশা আহমেদ ও চৌধুরী নওরীন জামালসহ আরও অনেকে।