নগরযাপন

বাংলাদেশে যেতে পারি, কিন্তু কেন যাব?

বিমানবন্দরের কফিশপের সামনে দাঁড়ানো সবাই কফি কিনতে আসে না।

পৃথিবীর যেকোনো বিমানবন্দরে আমি এমন একটি জায়গা খুঁজি, যেখান থেকে মানুষের আসা-যাওয়া দেখা যায়। লাউঞ্জ দরকার হলে পরে খুঁজব।

এবার যাওয়ার সময় সিকিউরিটির ঠিক আগে কফিশপের সামনে আমার ঠিক আগে দাঁড়িয়েছিলেন মধ্যপ্রাচ্যগামী এক তরুণ। কাউন্টার খালি হলে ভেবেছিলাম তিনি অর্ডার দেবেন। দিলেন না। একটু পাশে সরে ফোনটা কানে চেপে ধরলেন। চারপাশে ট্রলি, ব্যাগ, বিদায় দিতে আসা মানুষ। গলার স্বর নিচু রাখার চেষ্টা করছেন; পারছেন না। 

—মা, এখনও কানতেছো ক্যান?

একটু পরে বললেন—

—আব্বা, তোমরা এখন চলে যাও। আমারে তো আর দেখতে পারবা না।

ওপাশে কী বলা হচ্ছিল, শোনা যায় না। সম্ভবত মা যেতে চাইছেন না। বাবা বলছেন, প্লেনটা যাক, তারপর যাব। এইটুকু দূরত্বে দাঁড়িয়ে তাঁরা কেউ কাউকে দেখতে পাচ্ছেন না; তবু কেউ জায়গাটি ছাড়তে পারছেন না।

কাঁচের ওপারে ঝকঝকে পোশাকের এক দম্পতি হেঁটে গেলেন। তাদের দামি স্যুটকেসের চাকা মেঝেতে কোনো শব্দ তুলল না। তরুণটির ব্যাগে মোটা পলিথিন জড়ানো, দড়ি দিয়ে বাঁধা। 

একই দরজা দিয়ে সবাই ভেতরে যাচ্ছে। ভেতরে গিয়ে কে কোন লাইনে দাঁড়াবে, কোন পাসপোর্টে কোন দেশের দরজা কত সহজে খুলবে, কার ফেরার তারিখ নিশ্চিত—সে সব আলাদা।

আমার টিকিট কলকাতার। চার রাত পর ফেরার দিনও লেখা আছে। ব্যাগে কয়েকটা জামা, কিছু পরিকল্পনা। ছুটিটা আমার নিজের জন্য। 

তার ব্যাগে হয়তো কাজের পোশাক, শুকনো খাবার, মায়ের দেওয়া কিছু। দূরত্বটি তাকে নিজের জন্য নয়, সংসারের জন্য পার হতে হবে। বাড়িতে অসুখ হবে, ঈদ আসবে, সন্তান বড় হবে। সব খবর তার কাছে পৌঁছাবে। সব খবরে সে পৌঁছাতে পারবে না।

একই বিমানবন্দরে দাঁড়িয়ে আমাদের দুজনের বিদেশযাত্রার অর্থ এক নয়।

আমার টিকিটে ফেরার তারিখ লেখা আছে। আমি একা যাচ্ছি—সেটা আমার ছুটিরই অংশ। অথচ ঢাকার ইমিগ্রেশনে একজন নারী একা বিদেশে যেতে চাইলে প্রশ্নটা কখনো আর ‘কোথায় যাচ্ছেন’-এ থামে না। স্বামী জানেন কি না, অভিভাবক সঙ্গে নেই কেন—এমন প্রশ্নের মুখে পড়ার অভিজ্ঞতার কথাও নারীরা বলেছেন।

গত অগাস্টে নেপালগামী তিন প্রাপ্তবয়স্ক নারী শাহজালাল থেকে উড়তে পারেননি। তাদের অভিযোগ, ইমিগ্রেশন থেকে পরিবারের কাছে ফোন করা হয়েছিল, পোশাক ও ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করা হয়েছিল। 

তাদের একজন বলেন, তাকে জানানো হয়েছিল অবিবাহিত নারীরা একা বিদেশে যেতে পারবেন না। 

যাত্রার উদ্দেশ্য আর কাগজপত্র যাচাই করা ইমিগ্রেশনের কাজ। কিন্তু আমার কাছে একা বেরিয়ে পড়া যদি ছুটি কাটানোর স্বাভাবিক উপায় হয়, একজন নারীর বেলায় সেটাই কেন সন্দেহের কারণ হবে?

আমি কফির অর্ডার দিই। তরুণটি ফোন রাখেন না।

ভ্রমণ আমার কাছে অনেকটা অক্সিজেনের মতো। দম আটকে এলে অন্য কোথাও সকাল হতে দেখতে ইচ্ছে করে। যেখানে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে দিনের সব কাজ মনে পড়বে না। রাস্তায় নেমে কাউকে বোঝাতে হবে না কোথায় যাচ্ছি। চাইলে কোথাও না গিয়েও খানিকক্ষণ হাঁটা যাবে।

প্রতিবার ঢাকা ছেড়ে যাওয়ার সময় আমার একটু স্বস্তি হয়। কথাটি বলতে সংকোচ লাগে। যেন নিজের বাড়ির দরজা টেনে বেরিয়ে এসে স্বীকার করছি, ভেতরে ভালো লাগছিল না। অথচ বাইরে যাওয়ার জন্য বাড়িকে অপছন্দ করতেই হবে, এমন তো কথা নেই। মাঝেমধ্যে বাড়িকে ভালোবাসার জন্যও তার কাছ থেকে একটু দূরে যাওয়া লাগে।

বিমানবন্দর আমার কাছে সেই দূরত্বের দরজা।

আমার বোর্ডিং পাসে ঢাকার নাম তিনটি অক্ষরে লেখা থাকে—DAC। পুরোনো ‘Dacca’ বানান শহর ছেড়ে গেছে; টিকিটে রয়ে গেছে। এই শহরের আকাশযাত্রার ইতিহাসও পেছনের দিকে হাঁটে। 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সামরিক প্রয়োজনে তেজগাঁও ও কুর্মিটোলায় রানওয়ে হয়েছিল। ১৯৮০ সালে প্রধান বিমানবন্দরের কাজ তেজগাঁও থেকে কুর্মিটোলায় এল। তারপর শহর বাড়তে বাড়তে বিমানবন্দরটিকে চারদিক থেকে ঘিরে ধরেছে। নাম বদলেছে, টার্মিনাল বদলেছে; সেই তিনটে অক্ষর পুরোনো শহরটিকে ধরে রেখেছে।

২০১৫ সালে ইস্তানবুলে গিয়ে প্রথম বুঝেছিলাম, একটি বিমানবন্দর নিজেই একটি শহর হতে পারে। 

একই বোর্ডে ইউরোপ, এশিয়া, আফ্রিকা। মানুষ শুধু আসছে আর যাচ্ছে না; মহাদেশ বদলাচ্ছে। 

চারপাশের ভাষা বুঝি না, অথচ কোথায় যেতে হবে বুঝতে অসুবিধা হয় না। একটি ভালো বিমানবন্দরের কাজ বোধ হয় এটাই—আপনাকে মুগ্ধ করার আগে নিশ্চিন্ত করে।

২০১৬ সালে থিম্পু গিয়েছিলাম পারো হয়ে। 

পাহাড়ের খাঁজে ছোট্ট রানওয়ে। বিমান থেকে নেমেই মনে হয়েছিল, দেশটি তার পরিচয়পত্র এগিয়ে দিয়েছে। 

পারো থেকে থিম্পুর পথ তখনও বাকি, অথচ ভুটান দেখা যেন বিমানবন্দরেই শুরু হয়ে গেছে। কোথাও বিশাল হওয়ার চেষ্টা নেই। জায়গাটি নিজের চেহারার ব্যাপারে নিশ্চিত।

কাঠমান্ডু অন্যরকম। পাহাড়ে ঘেরা ব্যস্ত বিমানবন্দর; চাপ আছে, সীমাবদ্ধতা আছে, বিশৃঙ্খলাও আছে। 

সব বিদেশি বিমানবন্দর ঢাকার চেয়ে ভালো—এমন সরল সিদ্ধান্তে তাই পৌঁছানো যায় না। 

কিন্তু নেপালে নামার আগেই একজন পর্যটক জানেন তিনি কেন যাচ্ছেন। হিমালয়, পোখারা, মন্দির, ট্রেকিং—একটি দেশ তার গল্পটি আগেই বলে রেখেছে।

২০১৭ সালে দিল্লি ও হায়দরাবাদে গেছি। ২০২৪ সালে মুম্বাই ও বেঙ্গালুরুতে। এর মধ্যে কলকাতায় যাওয়া-আসা হয়েছে। 

ভারতীয় শহরগুলোর সব সমস্যা মুছে যায়নি। বিমানবন্দরের বাইরে যানজট আছে, ধুলো আছে, বৈষম্য আছে। তবু সময়ের সঙ্গে বদলটি চোখে পড়ে। 

দেশটি যেন বুঝেছে, একজন আগন্তুকের প্রথম কয়েক মিনিটও জাতীয় ভাবমূর্তির অংশ। কোথায় ব্যাগ পাব, কোন দরজা দিয়ে বেরোব, গাড়ি কোথায়—এসব নিয়ে আমাকে খুব বেশি ভাবতে হয়নি।

একটি ব্যবস্থা ভালো কাজ করলে সাধারণ মানুষ তার নামও জানে না। খারাপ কাজ করলেই আমরা গ্রাউন্ড হ্যান্ডলিং, ইমিগ্রেশন ক্যাপাসিটি, ব্যাগেজ ম্যানেজমেন্ট—এমন সব শব্দ শিখে ফেলি।

কুয়ালালামপুর আর ব্যাংককে গিয়ে হাবের অর্থ বুঝেছি অন্যভাবে। 

সেখানে বিমানবন্দর শুধু কোনো শহরের শেষ মাথায় দাঁড়িয়ে থাকা ভবন নয়। পৃথিবীর নানা দিক থেকে মানুষ এসে কিছুক্ষণ থাকে, তারপর আবার ছড়িয়ে পড়ে। হাজার হাজার অপরিচিত মানুষকে আলাদা পথে পাঠানো হয়; অথচ তাদের হারিয়ে যাওয়া মানুষ মনে হয় না। 

শহর দুটি আমার জন্য অপেক্ষা করছিল না। তবু মনে হয়েছিল, তারা জানত আমি আসব।

ফুকেট ও লাংকাউইয়ে বিমানবন্দর থেকে পর্যটনকে আলাদা করা যায়নি। 

বিমান থেকে নামা, গাড়িতে ওঠা, হোটেলে পৌঁছানো, সন্ধ্যায় কোথায় যাওয়া—সব যেন একই যাত্রার অংশ। রানওয়ের শেষে পর্যটন শুরু হয় না; টিকিট কাটার সময়ই শুরু হয়ে যায়।

এসব শহর দেখে আমার কখনও মনে হয়নি, ঢাকাকে ঠিক তাদের মতো হতে হবে। 

পারোর মতো ঢাকা হতে পারবে না। ইস্তানবুলের অবস্থান, ব্যাংককের পর্যটনশিল্প কিংবা কুয়ালালামপুরের পরিকল্পিত অবকাঠামোও নকল করা যাবে না। কিন্তু ফিরে এসে একটি প্রশ্ন এড়ানো যায় না—আমরা অন্তত নির্ভরযোগ্য হতে পারি না কেন?

ঢাকায় ফেরার সময় বিমানের চাকা মাটি ছোঁয়ার সঙ্গে যে স্বস্তি আসে, তার তুলনা নেই। ফোনে নেটওয়ার্ক ফিরে আসে। পাশের আসনগুলোয় একসঙ্গে অনেকগুলো কল শুরু হয়—নামছি, ব্যাগ নিয়ে বের হতে সময় লাগবে, গাড়ি সামনে রেখো না। জানালার বাইরে পরিচিত ধূসরতা। সবকিছু নিজের।

তারপর বিমানটি ট্যাক্সি করতে থাকে। কখনও দাঁড়িয়ে থাকে। বাস আসতে সময় নেয়। ইমিগ্রেশনের সারি বড় হয়। ব্যাগেজ বেল্ট প্রথমে নড়ে না, তারপর কয়েকটি ব্যাগ দিয়ে আবার থেমে যায়। বাড়ি ফেরার আনন্দটি ধীরে ধীরে ব্যবস্থার সঙ্গে দর-কষাকষিতে পরিণত হয়।

যাত্রার শুরুতে অপেক্ষা আর শেষে অপেক্ষা এক জিনিস নয়। ফেরার সময় মানুষ নিজের বিছানা পর্যন্ত বাকি পথটুকুও গুনতে থাকে।

আমার তবু ঢাকা চেনা। বাংলা জানি। কাকে ফোন করতে হবে, কোথায় জিজ্ঞেস করলে কাজ হতে পারে, কোন রাস্তা ধরে মোহাম্মদপুর ফিরব—এসব জানা আছে। বিরক্ত হলেও নিজের শহরের ভেতরেই থাকি।

ভাবি, আমার সঙ্গে যদি এমন একজন নামেন, যিনি এর কিছুই জানেন না?

তার এখানে মা নেই। অফিসের গাড়ি নেই। কোনো সভায় যোগ দিতে আসেননি। পৃথিবীতে এত দেশ থাকতে ছুটির কয়েকটি দিন এবং নিজের জমানো টাকা তিনি বাংলাদেশের জন্য রেখেছেন। 

আমি কলকাতার একটি বইয়ের দোকানে দাঁড়িয়ে যে সামান্য অবকাশ খুঁজি, তিনিও এখানে সেটিই খুঁজতে পারেন।

তার কাছে ঢাকা প্রথমে একটি দিকনির্দেশনা। তারপর কাউন্টারের একটি মুখ। ফোনে হোটেলের ঠিকানা দেখিয়ে গাড়ি পাওয়ার চেষ্টা। ভাড়া আগে থেকে বোঝা গেল কি না, বিপদে পড়লে কোথায় যাবেন—এমন সাধারণ কয়েকটি অভিজ্ঞতার ভেতর দিয়ে তিনি একটি দেশ চিনতে শুরু করবেন। সুন্দরবনের ছবির বাইরেও বাংলাদেশ তার স্মৃতিতে থাকবে।

আমার খুব ইচ্ছে করে, দেশটা তাকে দেখাই।

কোনো নদীর ধারে বসতে ইচ্ছে করে। নৌকা যাবে, ঘাট থেকে মানুষ উঠবে, কথার ফাঁকে সন্ধ্যা হবে। পাহাড়পুরে নিয়ে যেতে চাই। বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, শ্রীমঙ্গলের চা-বাগান, পুরান ঢাকার খাবার দেখাতে চাই। তিনি হয়তো এত কিছুই চাইবেন না। 

আমি যেমন কলকাতায় একটি বইয়ের দোকানে প্রয়োজনের চেয়ে বেশি সময় কাটিয়ে খুশি হই, তিনিও হয়তো কোনো ঘাটে বসে আরও কিছুক্ষণ নৌকা দেখতে চাইবেন।

তারপরই মনে মনে তাকে সাবধান করতে শুরু করি। বিমানবন্দর থেকে গাড়ি আগে ঠিক করে রাখা ভালো। যেখানে-সেখানে ভাড়া করবেন না। রাতে একা বেরোলে খেয়াল রাখবেন। পাহাড়ে যেতে নিয়ম জেনে যাবেন। দাম আগে ঠিক করে নেবেন।

কাউকে বাড়িতে ডাকতে গিয়ে যদি প্রথমেই বলতে হয় দরজাটি কোন দিকে টানলে খুলবে, সিঁড়ির কোন ধাপে পা দেওয়া যাবে না—তবে আসতে বলা মানুষটিও একসময় চুপ করে যায়।

আমি সেই চুপ করে যাওয়ার জায়গায় এসে আটকে থাকি।

এর মধ্যে আমরা বলি, ঢাকা একদিন আঞ্চলিক এভিয়েশন হাব হবে। মানচিত্র খুললে স্বপ্নটিকে একেবারে অবাস্তবও মনে হয় না। 

একদিকে ভারত, নেপাল, ভুটান; অন্যদিকে দক্ষিণ-পূর্ব এশিয়া। উত্তরে চীন, পশ্চিমের আকাশপথে মধ্যপ্রাচ্য ও ইউরোপ। যে অঞ্চলে মানুষের আয় ও বিমানভ্রমণ বাড়ছে, বাংলাদেশ যেন তার মাঝখানে বসে আছে।

কিন্তু মানচিত্রে মাঝখানে থাকলেই হাব হওয়া যায় না। হাব কোনো ভবনের নাম নয়। হাব সময়ের অঙ্ক।

একটি বিমান নামবে। তার ভেতরের কেউ ঢাকায় থাকবেন, অন্যরা যাবেন কাঠমান্ডু, ব্যাংকক, গুয়াংজু কিংবা জেদ্দা। অল্প সময়ের মধ্যে মানুষ ও ব্যাগ—দুটোকেই পরের বিমানে পৌঁছাতে হবে। এর মধ্যে বিমানটিতে জ্বালানি উঠবে, খাবার উঠবে, কেবিন পরিষ্কার হবে, ক্রু বদলাবে। তারপর ঠিক সময়ে সেটি আবার আকাশে যাবে।

এই পুরো নাচটি যাত্রীর চোখের আড়ালে। 

একটি বেল্ট থামলে, একটি ব্যাগ ভুল গাড়িতে উঠলে, একটি বিমান রানওয়ে ছাড়তে কয়েক মিনিট বেশি নিলে—অঙ্কটি ভেঙে যায়।

রানওয়ের দিকে শুধু যাত্রীদের চোখে তাকালেও পুরোটা দেখা হয় না। 

বিমানের পেটে যাচ্ছে তৈরি পোশাকের জরুরি চালান, নমুনা, ওষুধ, পচনশীল পণ্য। বাক্সগুলোর পেছনে দেশে থেকে কাজ করা মানুষের দিন ও মজুরি আটকে আছে। 

বিমানবন্দর ভালো চললে তাদের কাজের দাম সময়মতো পৌঁছায়; আটকে গেলে ক্ষতি টার্মিনালের দেয়ালের মধ্যে থাকে না। 

আমার কাছে কয়েক দিনের ছুটির দরজা, অন্য কারও কাছে সারা মাসের আয়।

ঢাকার আকাশের প্রধান দরজা এখন একটি। ৩ হাজার ২০০ মিটার দীর্ঘ একটি রানওয়ে দিয়েই বিমান ওঠে ও নামে। ঘণ্টায় মোটামুটি ২০ থেকে ২২টি উড্ডয়ন-অবতরণ সামলানো যায়। দ্রুত বেরোনোর ট্যাক্সিওয়ে ঠিকভাবে কাজে লাগলে তা ২৬ থেকে ২৮-এ উঠতে পারে। শহর চারদিক থেকে বিমানবন্দরটিকে এমনভাবে জড়িয়ে ধরেছে যে আরেকটি সম্পূর্ণ স্বাধীন রানওয়ের জায়গা বের করা কঠিন।

তবু রানওয়েই সব নয়। 

বিমান সময়মতো মাটিতে নামতে পারে, যাত্রী নামতে পারেন না। ব্যস্ত কয়েক ঘণ্টায় ১০–১২টি আন্তর্জাতিক ফ্লাইট কাছাকাছি সময়ে এলে একসঙ্গে আড়াই থেকে তিন হাজার মানুষ এসে পড়েন। রানওয়ে তার কাজ শেষ করে। তারপর একই মানুষকে বাস, ইমিগ্রেশন, লাগেজ বেল্ট, ট্রলি, কাস্টমস ও গাড়ির লাইনের ভেতর দিয়ে যেতে হয়। কোনো কোনো ফ্লাইটের ব্যাগ নামতে দুই ঘণ্টার বেশি লেগে যায়।

যার বাড়ি ঢাকা, তিনি বিরক্ত হয়ে অপেক্ষা করবেন। বাইরে তার মানুষ আছে। 

একজন ট্রানজিট যাত্রী কেন অপেক্ষা করবেন? তার পরের ফ্লাইট যদি সত্তর মিনিট পরে হয়, তিনি কি বিশ্বাস করবেন তার ব্যাগটিও সঙ্গে যাবে?

হাব হওয়ার পরীক্ষা হয় বিশ্বাসে। তার জন্য একটি শক্তিশালী দেশীয় বিমান সংস্থাও দরকার। 

সকালে বিভিন্ন শহর থেকে মানুষ এসে ঢাকায় নামবেন, কাছাকাছি সময়ের আরেক গুচ্ছ ফ্লাইটে পৃথিবীর অন্যদিকে চলে যাবেন। বিকেলে উল্টো স্রোত। ঢাকার ভিড় এখন প্রধানত আমাদের নিজেদের ভিড়—প্রবাসী শ্রমিক, শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী, বেড়াতে যাওয়া মধ্যবিত্ত। 

হাব হতে হলে অন্য দেশের মানুষের যাত্রাতেও ঢাকাকে দরকার হতে হবে।

এয়ারলাইন অবশ্য মানচিত্রের সৌন্দর্য দেখে রুট চালায় না। তারা জ্বালানির দাম, বিমানবন্দর ও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের চার্জ, একটি বিমান কতক্ষণ মাটিতে বসে থাকে—সব যোগ করে। 

ঢাকায় নামা যদি পাশের কোনো শহরের চেয়ে বেশি ব্যয়বহুল ও অনিশ্চিত হয়, দেশপ্রেম দিয়ে সেই অঙ্ক মেলানো যাবে না।

তৃতীয় টার্মিনালের ঢাকা দেয়ালে সেই আকাঙ্ক্ষা দেখা যায়। নতুন ব্যাগেজ ব্যবস্থা, ট্রানজিট লাউঞ্জ, শতাধিক চেক-ইন কাউন্টার, দ্রুত রানওয়ে ছাড়ার ট্যাক্সিওয়ে—সব আছে। পুরোনো দুই টার্মিনাল যখন তাদের সামর্থ্যের শেষ প্রান্তে, নতুনটি প্রয়োজন ছিল।

কিন্তু সুন্দর টার্মিনাল আর ভালো বিমানবন্দর এক নয়। দামি স্টেথোস্কোপ কিনলেই হাসপাতাল ভালো হয়ে যায় না।

উদ্বোধনের পরও টার্মিনালটি পুরোপুরি চালু করতে এত সময় লাগার গল্প তাই শুধু দেরির গল্প নয়। 

কে চালাবে, কে ব্যাগ তুলবে, আয় কীভাবে ভাগ হবে, কার কাছে কার জবাবদিহি—ইট, কাঁচ আর ইস্পাতের চেয়ে অদৃশ্য ব্যবস্থাগুলো আমাদের বেশি আটকায়। 

আমরা স্থাপনা বানাতে শিখেছি। স্থাপনাটিকে প্রতিদিন নির্ভরযোগ্যভাবে চালানোর অভ্যাস এখনও পুরো শেখা হয়নি।

এদিকে সময় বসে থাকে না। হিসাব বলছে, ২০৪৫ সালের মধ্যে ঢাকার বিমানযাত্রীর চাহিদা বছরে প্রায় ৩ কোটি ৩০ লাখে পৌঁছাতে পারে। 

যে টার্মিনালকে আমরা ভবিষ্যৎ বলছি, সেটি হয়তো ভবিষ্যতে পৌঁছানোর একটি সেতুমাত্র।

বাংলাদেশের ভেতরেও কক্সবাজার ছাড়া চালু প্রায় সব বিমানবন্দর ব্যবহার করেছি। কোনোটি বড়, কোনোটি এত ছোট যে অপেক্ষমাণ মানুষগুলোকে একই পরিবারের মনে হয়। কোথাও কয়েক সারি চেয়ার, একটি চায়ের দোকান, হাতের কাছেই রানওয়ে। 

প্রতিটি বিমানবন্দর আলাদা ভূগোলের দরজা। তবু অধিকাংশ পথ ঢাকাতেই এসে ঠেকে। এক আঞ্চলিক শহর থেকে আরেকটিতে যেতে হলেও ঢাকায় ফিরতে হয়। দেশের আকাশপথ একটি চাকার মতো—ঢাকা মাঝখানে, অন্য শহরগুলো তার চারপাশে।

অদ্ভুতভাবে, যে একটি বিমানবন্দর এখনও ব্যবহার করা হয়নি, সেটিই আমাদের সবচেয়ে মহিমান্বিত পর্যটন-স্বপ্ন।

কক্সবাজারে সমুদ্র থেকে জমি তুলে রানওয়ে ৯ হাজার ফুট থেকে ১০ হাজার ৭০০ ফুট করা হয়েছে। প্রায় ১ হাজার ৭০০ ফুট যেন সাগরের দিকে এগিয়ে গেছে। 

বড় উড়োজাহাজ নামতে পারবে। প্রায় ১৮ হাজার বর্গমিটারের নতুন টার্মিনাল হয়েছে। ছবিতে দেখলে মনে হয়, বাংলাদেশ বঙ্গোপসাগরের বুকের ওপর নিজের উচ্চাকাঙ্ক্ষা গল্প লিখেছে।

কল্পনায় দেখি, কোনো একদিন ব্যাংকক, কুয়ালালামপুর, কলকাতা কিংবা মধ্যপ্রাচ্য থেকে পর্যটক সরাসরি সেখানে নামছেন। জানালা দিয়ে প্রথমেই সমুদ্র দেখছেন। বাংলাদেশের সঙ্গে তার পরিচয় হচ্ছে ইমিগ্রেশনের সারি দিয়ে নয়, নীল জল দিয়ে।

তারপর অস্বস্তিকর প্রশ্নটি আসে—তিনি আসবেন কেন?

সত্যি বলতে, এখন খুব বেশি আসেন না। 

কক্সবাজারে বিদেশি মানুষ দেখা যায়; তাদের অনেকে উন্নয়ন সংস্থা, রোহিঙ্গা সংকট, ব্যবসা বা অন্য কাজের সূত্রে যান। 

কেবল সমুদ্র দেখবেন বলে নিজের টাকা খরচ করে আসা বিদেশি পর্যটকের সংখ্যা এত কম যে আলাদা নির্ভরযোগ্য হিসাবও নেই।

২০২৫ সালে পুরো বাংলাদেশে বিদেশি আগমনের সংখ্যা ছিল ছয় লাখেরও কম। তাদের সবাই পর্যটক নন। 

কেউ ব্যবসা, কেউ কাজ, কেউ আত্মীয়তার সূত্রে এসেছেন। প্রকৃত পর্যটক সেই মানুষটি, যার এখানে কোনো দায় নেই; তবু নিজের ছুটি ও জমানো টাকা নিয়ে আসেন।

আমরা বলি, পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত। পর্যটক কিলোমিটার কিনতে আসেন না; অভিজ্ঞতা কিনতে আসেন। একই অঞ্চলে ফুকেট, লাংকাউই, বালি, গোয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ থাকতে তিনি কক্সবাজার বেছে নেবেন কেন?

সমস্যা শুধু নাইটক্লাব নেই—এত সরল নয়। 

ভুটানেও ফুকেটের রাত নেই; মানুষ তবু যায়। নাইটলাইফ মানে শুধু মদ, ডিজে আর নাচ নয়।

রাতের বাজার, আলো জ্বলা নিরাপদ হাঁটার পথ, সমুদ্রের পাশে খাবার, স্থানীয় গান, বইয়ের দোকান—এসবও রাতের জীবন। 

আসল প্রশ্ন, সূর্য ডোবার পর শহরটি একজন অপরিচিত মানুষকে কী করতে দেয়?

কক্সবাজারে সন্ধ্যার পর স্বাধীনতা ছোট হয়ে আসে। কোথাও নিরাপত্তার ভয়, কোথাও অযাচিত দৃষ্টি, কোথাও নৈতিক পাহারাদারি। 

২০২৪ সালে সৈকতে নারীদের ধরে অপমান ও মারধরের ভিডিওতে একজন নারীকে বলতে শুনেছিলাম—আমি তো ট্যুরিস্ট, আমার দোষ কী?

একটি পর্যটন শহরের বিরুদ্ধে এর চেয়ে বড় অভিযোগ আর কী হতে পারে?

পর্যটক শুধু নিরাপদ থাকতে চান না; স্বাধীন বোধ করতে চান। পোশাক, সঙ্গী কিংবা রাতে বাইরে থাকার জন্য তাকে যদি জবাব দিতে হয়, ফিরে গিয়ে তিনি আরেকজনকে বাংলাদেশে আসতে বলবেন না। 

সরকারি বিজ্ঞাপনের চেয়ে ফিরে যাওয়া পর্যটকের একটি বাক্য বেশি দূর যায়।

দিনের সৈকতেও শান্তি কম। ফটোগ্রাফার, ঘোড়া, বিচ বাইক, দোকানি, ভ্রাম্যমাণ বিক্রেতা—সবাই মনোযোগ ও টাকা চান। দাম আগে থেকে পরিষ্কার নয়। পরিচ্ছন্ন শৌচাগার, গোসল ও কাপড় বদলানোর জায়গা, নিরাপদ লকার—সাধারণ প্রয়োজনগুলোও যথেষ্ট নয়।

আমরা হোটেল বানিয়েছি; গন্তব্য বানাইনি।

তার মানে এই নয়, বাংলাদেশে দেখার কিছু নেই। সম্ভবত আমাদের শক্তি একটি নিখুঁত সৈকত নয়; অল্প দূরত্বের মধ্যে পরস্পরের চেয়ে একেবারে আলাদা কয়েকটি জগত। 

সুন্দরবনের নোনা জল, পুরান ঢাকার খাবার ও স্থাপত্য, সোনারগাঁ, পাহাড়পুর, বাগেরহাট, শ্রীমঙ্গলের চা-বাগান, নদীর জীবন, তাঁত, বাউল গান—একটি দেশ মিলে দীর্ঘ একটি গল্প।

কিন্তু এগুলো এখনও ছড়িয়ে থাকা সম্ভাবনা। ভ্রমণ নয়।

কাউকে শুধু বলা যায় না, আমাদের সুন্দরবন আছে। তাকে জানতে হবে কীভাবে যাবেন, কোথায় থাকবেন, নৌযানটি নিরাপদ কি না, গাইড কে, অনলাইনে কীভাবে বুক করবেন, বিপদে কাকে ফোন করবেন। সংস্কৃতিকে পর্যটনে রূপ দেওয়া মানে সার্কাস বানানো নয়; অপরিচিত মানুষের জন্য পৌঁছানো সম্ভব করে তোলা।

কক্সবাজারকে সস্তা ফুকেট হতে হবে না। হতে পারে বঙ্গোপসাগরের নিজস্ব উপকূলীয় শহর—নিরাপদ সৈকত, সামুদ্রিক খাবার, দ্বীপ, মাছ ধরার জনপদ, রাখাইন সংস্কৃতি, রাতের বাজার, স্থানীয় সংগীত আর প্রকৃতিনির্ভর ভ্রমণের দরজা। কিন্তু তার আগে পর্যটককে একা ছেড়ে দিতে শেখা দরকার। অতিথি বলে বক্তৃতা দেওয়ার চেয়ে এটি কঠিন।

১০ হাজার ৭০০ ফুট রানওয়ে বড় বিমান নামাতে পারবে। সেই বিমানের যাত্রীকে দ্বিতীয়বার ফিরিয়ে আনতে পারবে না। কাজটি কক্সবাজারকেই করতে হবে।

তারপরও আমি আশা ছাড়তে পারি না। 

হয়তো ভ্রমণপ্রিয় মানুষের এটি একটি বদভ্যাস। কোনো শহর প্রথম দেখায় ভালো না লাগলে ভাবি, আরেকবার গেলে অন্য রকম লাগতে পারে। নিজের দেশের বেলায় এই আশাটি আরও জেদি।

সমস্যাগুলো রহস্য নয়। রানওয়ে দ্রুত খালি করা যায়। গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে দক্ষতা ও জবাবদিহি আনা যায়। ব্যাগেজ ব্যবস্থাকে বিশ্বাসযোগ্য করা যায়। ট্রানজিট সহজ করা, বিমান সংস্থার সময়সূচি সংযোগের জন্য সাজানো, ই-ভিসা দেওয়া, বিমানবন্দর থেকে শহরে নির্ভরযোগ্য গণপরিবহন চালু করা—কোনোটিই কল্পবিজ্ঞান নয়। 

যেসব শহরের বিমানবন্দরে দাঁড়িয়ে আমি মুগ্ধ হয়েছি, তারাও একদিনে সেখানে পৌঁছায়নি।

আশা মানে তৃতীয় টার্মিনালের আলো জ্বালিয়ে ধরে নেওয়া নয় যে দেশের সমস্যারও আলো জ্বলে গেছে। আশা হলো, আলো জ্বলার পর অন্ধকার জায়গাগুলো দেখা এবং সেগুলো ঠিক করা।

একদিন হয়তো ঢাকার বিমানবন্দরের কোনো কফিশপে বসে একজন বিদেশি যাত্রী ফোনে বলবেন—ট্রানজিটটা সহজ ছিল। ফেরার পথে দুদিন ঢাকায় থেকে গেলে কেমন হয়?

সেদিন ঢাকা শুধু নিজের মানুষকে বিদেশে পাঠানোর বন্দর থাকবে না। পৃথিবীর মানুষও নিজের ইচ্ছায় এখানে নামবে।

মধ্যপ্রাচ্যগামী সেই তরুণের মা তবু কাঁদবেন। বিদায়ের কষ্ট কোনো বিমানবন্দর কমাতে পারে না। বাবা হয়তো কাঁচের ওপাশ দেখা যায় না জেনেও দাঁড়িয়ে থাকবেন। বলবেন, প্লেনটা যাক, তারপর যাব।

অন্তত তাদের ছেলের ব্যাগটি যেন না হারায়। কাউন্টারে কেউ যেন তাকে ছোট না করে। বিদেশে যাওয়ার আগেই নিজের দেশের বিমানবন্দর যেন তাকে বিদেশি বানিয়ে না দেয়।

আমি কফির শেষ চুমুক দিয়ে কাপটি ডাস্টবিনে ফেলি। তারপর ভেতরের দিকে হাঁটি। 

পেছনে বিদায়, সামনে সিকিউরিটি। ওপরে একটি বিমান শব্দ তুলে আকাশে ওঠে।

বিমানটি যায়।

দেশটা সঙ্গে যায়।