দক্ষিণ জনপদ প্রায় বিচ্ছিন্ন করে রেখেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা দুই দিনের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানী ঢাকার সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

রবিবার ভোররাত থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ মহাসড়ক ও সংযোগপথে অবরোধ, বিক্ষোভ এবং প্রতিবন্ধকতা তৈরি করায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে আছে।

বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীদের সাথে সংঘর্ষও হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের।

সংঘর্ষে শরীয়তপুরে দুইজন আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন।

শরীয়তপুর ও পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে

রবিবার ভোর থেকে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে লগি বৈঠা ও দেশীয় অস্ত্র হাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতুর জাজিরা প্রান্তের গোলচত্বরে জড়ো হতে থাকেন।

একপর্যায়ে তারা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করেন। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভের পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ভোরে জমাদ্দার মোড়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ ছিল।

এ সময় টোল প্লাজার কাছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের সাথে বিএনপির নেতা কর্মীদের সংঘর্ষ হয়। এতে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

নিহত দুই জনের একজন যুবলীগ কর্মী ইব্রাহিম সিপাহী। তিনি সদর উপজেলার মধ্য সোনামুখী এলাকার হাফিজউদ্দীন সিপাহীর ছেলে।

অন্যজন আওয়ামী লীগের কর্মী নিজাম মৃধা। তিনি মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের দাদন মৃধার ছেলে।

বুলডোজার দিয়ে ফরিদপুরের নাওডোবা-ভাঙ্গা-ভাটিয়াপাড়া মহাসড়কে ফেলে রাখা গাছ সরিয়ে নিচ্ছে বিজিবি।

মাদারীপুর ও ঢাকা-বরিশাল মহাসড়ক

দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী।

ভোররাত থেকে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেওয়া নেতাকর্মীরা মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন।

এতে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকসহ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং মহাসড়কের দুপাশে বহু পণ্যবাহী গাড়ি আটকা পড়ে।

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন, ঘটনাস্থলে পুলিশ থাকলেও অবরোধকারীদের সরিয়ে দিতে তাদের কোনো সক্রিয় পদক্ষেপ দেখা যায়নি।

তবে সকালে আলাপ-কে টেলিফোনে এক পুলিশ কর্মকর্তা জানান, সড়ক অবরোধ ও আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। অবরোধকারীদের রাস্তা ছেড়ে দেওয়ার জন্য বারবার অনুরোধ জানানো হয়েছে।

ফরিদপুরে মহাসড়কে গাছ

ফরিদপুরের মহাসড়ক দিয়েও সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বিজিবি সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নাওডোবা-ভাঙ্গা-ভাটিয়াপাড়া মহাসড়কে অনেক গাছ কেটে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে।

বুলডোজার দিয়ে গাছ সরিয়ে রাস্তাটি যানবাহন চলাচলের উপযোগী করতে কাজ করছে বিজিবি।

নভেম্বরের শুরুতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় আগুন লাগিয়ে দেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা।

পুলিশ সদর দপ্তরের বক্তব্য

জনদুর্ভোগ ও অবরোধের বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা আলাপ-কে বলেন, ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে জনসাধারণের চলাচল বন্ধ করা, সড়ক অবরোধ করা কিংবা যানবাহনে বাধা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও জানান, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। মাদারীপুর ও শরীয়তপুরসহ সংশ্লিষ্ট জেলাগুলোতে পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন, টহল জোরদার এবং গুরুত্বপূর্ণ সড়ক, সেতু ও মহাসড়কে নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

পাশাপাশি জনদুর্ভোগ সৃষ্টি করে সড়ক অবরোধ বা নাশকতার চেষ্টাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

এর আগে গোপালগঞ্জ

গত ৯ই নভেম্বর রাত থেকে টানা কয়েকদিন অশান্ত ছিল গোপালগঞ্জ।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মসূচি, ১০ই নভেম্বরের ধর্মঘট এবং ১৯ই নভেম্বরের 'লকডাউন' কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের পরিস্থিতি ছির উত্তপ্ত।

পুড়িয়ে দেওয়া হয় টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানা। সেখান থেকে সব পুলিশ সদস্য চলে যান।

এখনও সেখানে থানা কার্যক্রম শুরু হয়নি।

পুরো গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে দুই হাজারের মতো অতিরিক্ত পুলিশ। সীমান্তরক্ষী বাহিনী বিজিবি মোতায়েন করা হয়েছে ২০ প্লাটুনের বেশি।

এরপর গোপালগঞ্জের ট্রেন চলাচলও বন্ধ রাখা হয়েছে। শনিবার বিকাল থেকে খুলনাগামী সব বাসও পদ্মা সেতুর বদলে আরিচা হয়ে চালানোর সিদ্ধান্ত নিয়ে বাস মালিক সমিতি।

গোপালগঞ্জের মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসও বন্ধ আছে। এতেও বিপাকে পড়েছেন স্থানীয়রা।