কিশোর বয়স থেকেই ভয়ংকর এক সন্ত্রাসীরূপে উত্থান, পুলিশে হাতে ধরা পড়ে ২৭ বছর কারাগারের জীবন। অবশেষে মুক্তি। কিন্তু তারপরও অভিযোগ থামেনি। কারামুক্তির পর ৬৫ বছর বয়সেও একাধিক খুনের অভিযোগ, আবারও গ্রেফতার।
এরপরই নতুন করে আলোচনায় শেখ মোহাম্মদ আসলাম, যিনি ঢাকার অপরাধ জগতে পরিচিত ‘সুইডেন আসলাম’ নামে।
সুইডেন আসলাম কতটা ভয়ংকর ছিলেন, তা বুঝতে হলে ফিরে যেতে হবে কিছু পুরোনো ঘটনায়।
সময়টা ১৯৯৭ সাল; আসলামকে ধরিয়ে দেওয়ার জন্য ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করে পুলিশ। এরপরই নানা ‘শেল্টার’ পরিবর্তন করছিলেন তিনি। বাসা ভাড়া নেন ঢাকার ওল্ড ডিওএইচএসে। দ্বিতীয় স্ত্রী সিমিকে নিয়ে সেখানে ওঠেন ১৯৯৭ সালের ১৬ই মে।
তখন আসলামকে ধরতে তার গতিবিধির ওপর নজর রাখছিলেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ইউনিটের (ডিবি) সহকারী কমিশনার (এসি) এবং তখন চৌকস কর্মকর্তা হিসাবে পরিচিত মোহাম্মদ আকরাম হোসাইন।
আসলামের বিষয়ে যাবতীয় তথ্য সংগ্রহ করছিলেন তিনি। এসি আকরাম জাল বিছিয়ে রেখেছিলেন রাজধানীজুড়ে।
হঠাৎই একদিন তিনি খবর পান ওল্ড ডিওএইচএসে চার নম্বর রোডের এক নম্বর বাসার তিনতলার একটি ফ্ল্যাটে উঠেছেন আসলাম। অবশ্য এর আগে ইন্দিরা রোডে আসলামের ভায়রা রুমুর বাসায় চালানো হয় অভিযান।
তদন্তের নানা সূত্র ধরে পাজল মেলাতে শুরু করেন এসি আকরাম। নতুন বাসার জন্য ফ্রিজসহ প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছিলেন আসলাম। ভায়রার বাসায় অভিযান এবং ওই কেনাকাটার সূত্র ধরেই ওল্ড ডিওএইচএসে আসলামের ভাড়া করা বাসায় পৌঁছে যায় ডিবি।
১৯৯৭ সালের ১৭ই মে গভীর রাতে চালানো হয় অভিযান। সেখানে ধরা পড়েন আসলাম।
ওই অভিযানে আসলাম সশস্ত্র হামলা চালায় বলে দাবি করেছিল পুলিশ। দুই পুলিশ সদস্য আহত হওয়ার কথাও উল্লেখ করা হয়েছিল সংবাদ বিজ্ঞপ্তিতে।
আসলামকে খোঁজা হচ্ছিল যুবলীগ নেতা মাহমুদুল হক খান গালিব হত্যাকাণ্ডের পর থেকেই। ওই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে আসলামের গ্রেফতারই হয়ে উঠেছিল মুখ্য ঘটনা।
তেজকুনিপাড়ায় নিজের বাসার সামনে গালিবকে হত্যা করা হয় ১৯৯৭ সালের ২৩এ মার্চ।
ঘটনার দিন ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে ছিল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ সভা ছিল। স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে ওই সভায় যোগ দেওয়ার উদ্দেশ্যে তেজকুনিপাড়ার বাসা থেকে বের হন গালিব। স্বামীকে বিদায় দিয়ে দোতলার বারান্দায় দাঁড়িয়ে ছিলেন শম্পা।
শম্পার ভাষ্যে, “গালিব বের হওয়ার ২ মিনিট পরই শোনা যায় ২ থেকে ৩টা গুলির শব্দ। ঘটনার পরপরই বাসার সামনে দিয়ে পিস্তল ও ধারালো অস্ত্র হাতে দৌড়ে পালিয়ে যায় ৮ থেকে ১০ জন লোক।”
গালিবের খোঁজ নেওয়ার জন্য নিচে ভাইকে পাঠান শম্পা। দ্রুতই কাঁদতে কাঁদতে বাসায় ফিরে আসেন শম্পার ভাই। বলেন, “দুষ্কৃতিকারীরা দুলাভাইকে গুলি করেছে। মানুষ ধরাধরি করে তাকে হাসপাতালে নিচ্ছে।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় যুবলীগ নেতা গালিবকে। সেখানকার চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে।
এরপর তিনদশকে ঢাকার আন্ডারওয়ার্ল্ড দুনিয়ায় জল গড়িয়েছে অনেক। সুইডেন আসলাম জামিন পেয়েছেন এবং আবার গড়ে তুলেছেন নেটওয়ার্ক।
কারামুক্তির ২৭ মাস পর ২২এ নভেম্বর গভীর রাতে গ্রেফতার করা হয় সুইডেন আসলামকে। তিনি যাচ্ছিলেন থাইল্যান্ড। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতারের পর তাকে ডিএমপির ডিবির কাছে হস্তান্তর করে ইমিগ্রেশন পুলিশ।
তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে আসলামকে।
২৮এ এপ্রিল রাত পৌনে আটটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় গুলি করে হত্যা করা হয় টিটনকে। নিহত টিটন আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক।
বিমানবন্দর থেকে আটকের পর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হলে সুইডেন আসলামকে গ্রেফতার দেখানো হয়।
সিমির নিয়ন্ত্রণে আসলামের সাম্রাজ্য
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সুইডেন আসলাম দীর্ঘদিন কারাগারে থাকলেও থেমে যায়নি তার নিয়ন্ত্রণ ও অপরাধ সাম্রাজ্য। ছায়ার মতো ঢাকার অপরাধ জগতে ‘আসলাম সাম্রাজ্যের’ নিয়ন্ত্রণ করে গেছেন তার দ্বিতীয় স্ত্রী আয়েশা সিদ্দিকী সিমি। আসলাম গ্রেফতার হওয়ার মাত্র ছয়মাস আগেই হয়েছিল তাদের বিয়ে।
২০২৪ সালের ৫ই অগাস্ট পরবর্তী সময়ে জামিনে মুক্ত হয়ে আসেন আসলাম। তখনো আধিপত্য ধরে রেখেছিলেন সিমি।
৫ই অগাস্ট পরে ফার্মগেইট ও ইন্দিরা রোডের পাঁচটি মার্কেট নিয়ন্ত্রণে নেন আসলামের স্ত্রী। ওইসব মার্কেট থেকে মাসে তার আয় ১ কোটি টাকার বেশি বলে গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন।
সুইডেন আসলাম ও সিমি সম্পর্কে চাচাতো ভাইবোন। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হওয়ার কথা ইন্দিরা রোডের বাসিন্দা সিমির।
পুলিশ বলছে, এদিকে ৫ই অগাস্টের পর জামিনে বেরিয়ে এসে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরে একাধিকবার ভ্রমণ করেছেন আসলাম। তবে সিমির পরামর্শে মালয়েশিয়ায় স্থায়ী হতে চেয়েছিলেন তিনি। এবারের বিদেশ যাত্রা ছিল ওই উদ্দেশ্যেই।
গোয়েন্দা পুলিশের তথ্য অনুযায়ী, আসলামের অস্ত্রভাণ্ডারে আছে ১৫ থেকে ১৬টি আগ্নেয়াস্ত্র। এসব অস্ত্র দেখভালের দায়িত্বে আছেন মৃদুল ও ফিরোজ। দুইজনই আসলামের বর্তমানে-অবর্তমানে কাজ করে সিমির হয়ে।
এছাড়া আসলামের ঘনিষ্ঠ সহযোগীদের মধ্যে বাদশা, লিটু, ভূমি সাখাওয়াত, মোটকু অপুও সিমির নেটওয়ার্কে কাজ করেন বলে গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে।
সিমিকে গ্রেফতার করতে হণ্যে হয়ে খুঁজছে পুলিশ। কিন্তু এখনও নাগাল পায়নি।
কারাগার ও বাইরে সমান প্রভাবশালী আসলাম
মৃত্যুর বেশ কিছুদিন আগে থেকে হুমকি পাচ্ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির। কারওয়ান বাজার এলাকার আধিপত্য ছাড়ার ‘পরামর্শ’ দেওয়া হয়েছিল তাকে। তবে আমলে নেননি মুসাব্বির।
খুনিরা আগে থেকেই হত্যাকাণ্ডের স্থান রেকি করে রেখেছিল। চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় ছিল তারা। শেষ পর্যন্ত নির্দেশ আসে।
বেছে নেওয়া হয় চলতি বছরের ৭ই জানুয়ারির রাত। কারওয়ান বাজারের স্টার কাবাবের পেছনে পশ্চিম তেজতুরি বাজারের অন্ধকার গলিতে ওৎ পেতে থাকেন খুনিরা।
রাত সোয়া ৮টার দিকে বাড়ি ফিরছিলেন মুসাব্বির। তাকে দেখামাত্র বস্তায় লুকিয়ে রাখা পিস্তল বের করে পেছন থেকে গুলি চালায় আততীয়রা। মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
কিন্তু জীবন বাঁচানোর তাগিদে মুহূর্তেই উঠে দৌড়ে পালানোর চেষ্টা করেন মুসাব্বির। এ সময় তার ফোন পড়ে যায়। মুসাব্বিরকে হত্যা করে সেই ফোন নিয়ে পালিয়ে যায় খুনিরা।
চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের নির্দেশ এসেছিল মালয়েশিয়া থেকে। নির্দেশ দিয়েছিলেন দাদা বিনাশ ওরফে দিলীপ। এই দাদা বিনাশের ‘মাস্টারমাইন্ড’ হলেন শেখ আসলাম ওরফে সুইডেন আসলাম, যার ইচ্ছা পূরণেই খুন করা হয় মুসাব্বিরকে।
আশির দশকের মাঝামাঝি সময় থেকে তেজগাঁও, তেজতুরী বাজার, ফার্মগেট, কারওয়ান বাজার, শেরে বাংলা নগর এলাকায় একচেটিয়া প্রভাব বিস্তার করেছিলেন সুইডেন আসলাম।
১৯৯৭ সাল থেকে টানা ২৭ বছর কারাভোগের পর গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান পর ২০২৪ সালের ৩রা সেপ্টেম্বর।
কারাগারে থাকার সময়ই মুসাব্বিরকে টার্গেট করেছিলেন তিনি। কারাগার থেকে বেরিয়ে এসে বাস্তবায়ন করেন পরিকল্পনা।
ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়ার এলাকার মৃত শেখ জিন্নাত আলীর ছেলে আসলাম। তিন ভাই ও চার বোনের মধ্যে আসলাম দ্বিতীয়। তেজগাঁও পলিটেকনিক স্কুল থেকে এসএসসি পাস করে ভর্তি হন তেজগাঁও কলেজে।
এরপর ফার্মগেইট এলাকায় ‘রংবাজ’ হিসাবে পরিচিত হয়ে ওঠেন আসলাম। জাসদ ছাত্রলীগের রাজনীতিও করেছেন কিছুদিন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আলোচিত অভি ও নীরুর সঙ্গেও আসলাম এক সময় জড়িয়েছিলেন দ্বন্দ্বে।
আসলামের বাবা-চাচারা মুক্তিযুদ্ধের পর বসবাস শুরু করেন ঢাকার ইন্দিরা রোডে। ফার্মগেইটে রড-সিমেন্টের ব্যবসা ছিল বাবা জিন্নাত আলীর।
সুইডেন আসলামের উত্থান যেভাবে
২০২৪ সালের ৫ই অগাস্ট পরবর্তী সময়ে জামিনে মুক্ত হয়ে আসেন আসলাম। তখনো আধিপত্য ধরে রেখেছিলেন সিমি।
৫ই অগাস্টের পরে ফার্মগেইট ও ইন্দিরা রোডের পাঁচটি মার্কেট নিয়ন্ত্রণে নেন আসলামের স্ত্রী। ওইসব মার্কেট থেকে মাসে তার আয় ১ কোটি টাকার বেশি বলে গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন।
সুইডেন আসলাম ও সিমি সম্পর্কে চাচাতো ভাইবোন। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হওয়ার কথা ইন্দিরা রোডের বাসিন্দা সিমির।
পুলিশ বলছে, এদিকে ৫ই অগাস্টের পর জামিনে বেরিয়ে এসে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরে একাধিকবার ভ্রমণ করেছেন আসলাম। তবে সিমির পরামর্শে মালয়েশিয়ায় স্থায়ী হতে চেয়েছিলেন তিনি। এবারের বিদেশ যাত্রা ছিল ওই উদ্দেশ্যেই।
গোয়েন্দা পুলিশের তথ্য অনুযায়ী, আসলামের অস্ত্র ভাণ্ডারে আছে ১৫ থেকে ১৬টি আগ্নেয়াস্ত্র। এসব অস্ত্র দেখভালের দায়িত্বে আছেন মৃদুল ও ফিরোজ। দুইজনই আসলামের বর্তমানে-অবর্তমানে কাজ করে সিমির হয়ে।
এছাড়া আসলামের ঘনিষ্ঠ সহযোগীদের মধ্যে বাদশা, লিটু, ভূমি সাখাওয়াত, মোটকু অপুও সিমির নেটওয়ার্কে কাজ করেন বলে গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে।
২০১৯ সালের অগাস্টে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ‘বাংলাদেশের কুখ্যাত সেই ২২ আন্ডারওয়ার্ল্ড ডন’ শিরোনামে প্রকাশিত হয় মির্জা মেহেদী তমালের ধারাবাহিক প্রতিবেদন।
প্রতিবেদনের একটি পর্ব লেখা হয় সুইডেন আসলামকে নিয়ে। ওই প্রতিবেদনে ১৯৮৭ সালের মাঝামাঝি সময়ে সংঘটিত একটি হত্যাকাণ্ডের বর্ণনা করে বলা হয়, ওই হত্যাকাণ্ডের মধ্য দিয়েই আসলামের নৃশংসতার দিক ছড়িয়ে পড়ে সারাদেশে।
মির্জা মেহেদী তমাল প্রতিবেদনে লিখেছেন, “রাজধানী ঢাকার পূর্ব রাজাবাজার নাজনীন স্কুল। মূল ফটক বন্ধ। ভিতরে এক যুবকের আর্তচিৎকার। বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও ... ওরা আমাকে মেরে ফেলল। ও মা ... মাগো ... আমাকে ওরা মেরে ফেলছে। স্কুলের ফটকের বাইরে তখন এক বৃদ্ধা চিৎকার করছেন। বলছেন, গেট খোল। বাবারা তোমরা গেটটা খুলে দেও। আমার ছেলেকে মেরো না। আমাকে মেরে ফেল, তবুও তোমরা ওর জীবনটা ভিক্ষা দেও।”
মিনিট বিশেক পর স্কুলের ভিতর থেকে আর আর্তচিৎকারের শব্দ পাওয়া যাচ্ছিল না। ফটক ভিতর থেকে খুলে গেল। আট থেকে দশ জন যুবক একে একে বেরিয়ে আসছেন। তাদের শরীর, হাতে-মুখে টাটকা রক্ত লেগে আছে। সেই বৃদ্ধা মায়ের সামনে দিয়েই তারা বেরোচ্ছেন।
বৃদ্ধা মা তাদের প্রশ্ন করছেন, “আমার ছেলে কই? ও বাবারা, আমার ছেলেরে কী করছ?” কেউ কোনো জবাব দিচ্ছিলেন না। গেট দিয়ে সর্বশেষ বেরিয়ে এলেন এক যুবক। মাথায় চুল কম। জিন্সের প্যান্ট ও কালো রঙের টি-শার্ট পরা। এক হাতে পিস্তল আর অন্য হাতে রক্তমাখা বেয়নেট। যুবকটি স্কুল থেকে বেরিয়েই পাগলপ্রায় ওই বৃদ্ধা মাকে বললেন, “এত চিল্লাইতেছেন কেন। কাজের সময় এত চিল্লাইলে ভালো লাগে না। যান, আপনার পোলা ভিতরে আছে।”
শেষ কথাটি শুনেই ভিতরে ছুটলেন মা। স্কুলের ভিতরে ক্লাসরুমের পাশের বারান্দায় রক্তে ভেসে যাওয়া ছেলের নিথর দেহ খুঁঁজে পেলেন তিনি।
তমাল আরো লেখেন, “১৯৮৭ সালের মাঝামাঝি সময়ের ঘটনা এটি। সাত-সকালে ঠিক এভাবেই পৈশাচিকতার এক উদাহরণ সৃষ্টি করেছিলেন শেখ আসলাম। আন্ডারওয়ার্ল্ডে যিনি সুইডেন আসলাম নামে পরিচিত। বৃদ্ধা মাকে স্কুলের বাইরে রেখে ভিতরে তার ছেলে শাকিলকে এভাবেই সেদিন নির্মমভাবে খুন করেছিলেন।”
“খুনের পর আসলাম ওই স্কুল থেকে বেরিয়েই উৎসুক জনতার উদ্দেশে বলেছিলেন, ‘আপনারা কি কেউ কিছু দেখেছেন?’ ভিড় করা লোকজনের জবাব পাওয়ার আগেই আসলাম বলে দেন তাদের, 'নাহ, আপনারা কিন্তু এখানে কাউকেই দেখেননি। যদি দেখে থাকেন, শাকিলের মতোই ভাগ্য নিতে হবে'। এ কথা বলেই সেদিন মোটরসাইকেলে করে দলবল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।”
যেভাবে হলেন সুইডেন আসলাম
ঢাকার এক সময়ের শীর্ষ সন্ত্রাসী ছিলেন ‘চাইনিজ’। একই এলাকার বাসিন্দা হওয়ার সূত্রে চাইনিজের বাসায় যাতায়াত ছিল আসলামের। সেখান থেকেই চাইনিজের বোন ইতির সাথে পরিচয় ও প্রণয়।
ছোটোবেলা থেকেই আসলামকে চেনেন, জানেন এবং তার কারণে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, রাজাবাজারের এমন এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, শ্বশুরবাড়ির সূত্র ধরে ১৯৮৯ সালে সুইডেনে পাড়ি জমিয়েছিলেন আসলাম। ১৯৯৫ সাল পর্যন্ত সুইডেনে যাতায়াত ছিল তার। পরে ইতির সঙ্গে সম্পর্কের অবনতি এবং বিচ্ছেদ হলে সুইডেনে যাওয়া বন্ধ হয়ে যায় আসলামের।
সুইডেন যাওয়ার সূত্র ধরেই সুইডেন আসলাম নামে পরিচিতি পান আসলাম।
পরে আসলামের সহযোগী মামুনকে বিয়ে করেছিলেন ইতি। ১৯৯৫ সালের মে মাসে পুরান ঢাকার বাংলাদেশ মাঠে খুন হন মামুন। তার সাথে খুন হন আরও দুইজন। মামুন খুনের নেপথ্যে ছিলেন আসলাম।
বিচ্ছেদের পরে ইতির সাথে বিয়ে হয় মামুনের ভাই মাসুদের। তবে পরিবারের উপর নির্যাতন নেমে এলে সুইডেন থেকে পালিয়ে যায় মাসুদ। এরপর আত্মহত্যা করেন ইতি।
আসলামের নির্দেশে খুন হয়েছেন আরও যারা
রাজাবাজার এলাকার আরেক বাসিন্দা জানান, কারো উত্থান পছন্দ করতেন না আসলাম। এমন উত্থান হওয়া এক সময়ের ঘনিষ্ঠ দুই সহযোগী বিপুল ও কিসলু। ওই দুজনকেও আসলাম হত্যা করেছিলেন বলে পুলিশের তদন্তে উঠে আসে।
কারওয়ান বাজারের পেছনে কাজীপাড়ায় রানা খুন হওয়ার নেপথ্যেও ছিলেন আসলাম। পলিটেকনিক ইনস্টিটিউটের ভিপি সোহেলও তার নির্দেশে খুন হন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মিরপুরে রানা, সাজ্জাদ, টাঙ্গাইলের ছাত্রনেতা শামীম তালুকদার খুনের নির্দেশদাতা ছিলেন আসলাম। আসলামের এক সহযোগী ছিলেন গাব্বু। তার স্ত্রী আসমা একবার পুলিশকে আসলামের গতিবিধির কথা জানিয়েছিলেন। তেজগাঁও রেললাইনের বস্তিতে গাব্বুর সামনেই আসমাকে গুলি করে হত্যা করা হয়েছিল।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান, আসলামের ছোটোভাই শেখ মোহাম্মদ জাকির। রাজাবাজার এলাকায় একসময় নিরীহ হিসাবে পরিচিত ছিলেন।
১৯৯৭ সালে আসলাম গ্রেফতার হলে জাকিরের গতানুগতিক জীবন পালটে যায়। আসলামের ২২ মামলার খোঁজ রাখতে রাখতেই এবং আদালতের বারান্দায় ঘুরতে ঘুরতেই এক সময় জাকির বনে যান সন্ত্রাসী।
কারাগারে থাকলেও আসলামের নামে আদায় হতো চাঁদা। আদায় করতেন জাকির। চাঁদার টাকা পৌঁছে দিতে হতো সিমির কাছে। তবে সিমি মনে করতেন, আদায় হওয়া টাকার চেয়ে কম দেওয়া হচ্ছে তাকে।
এমন প্রেক্ষাপটেই জাকির একসময় নিজের গ্রুপ গড়ে তোলেন। আর এনিয়ে বিরোধের জের ধরে জাকিরকে হত্যার পরিকল্পনা করেন আসলাম। জেল থেকে নির্দেশ পাঠান। পান্থপথে আক্রমণও হয় জাকিরের উপর। তবে সে যাত্রায় বেঁচে যান তিনি। পরে অবশ্য বিরোধে নিষ্পত্তি হয়।
৫ই অগাস্ট পরবর্তী সময়ে জামিনে বেরিয়ে এসে অপরাধের সাম্রাজ্য বাড়াতে জাকিরকেও সাথে নিয়েছিলেন আসলাম। আসলাম গ্রেফতার হওয়ার পর আত্মগোপনে গেছেন জাকির। সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হওয়ার কথা তারও।
২০০১ সালের ২৭এ ডিসেম্বর তখনকার বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে পুলিশ ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর নাম প্রকাশ করে। তালিকায় মিরপুরের ইব্রাহিমপুর ও কাফরুলের কালা জাহাঙ্গীর, মগবাজার ও মালিবাগের সুব্রত বাইন, কারওয়ান বাজার ও তেজগাঁওয়ের পিচ্চি হান্নান, মোহাম্মদপুরের হারিস আহমেদসহ বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের নাম ছিল।
শীর্ষ সন্ত্রাসীর তালিকায় আসলামের নাম ছিল না। তবে ২০১০ সালে পুলিশের করা ৪২ জন শীর্ষ সন্ত্রাসীর তালিকায় তার নাম ওঠে।
১৯৯৭ সালের এক রাতে বনানীর ওল্ড ডিওএইচএস একটি ফ্ল্যাট থেকে ধরা পড়েছিলেন সুইডেন আসলাম। ২০২৬ সালের আরেক গভীর রাতে থাইল্যান্ডের ফ্লাইটে ধরতে গিয়ে বিমানবন্দরে আবারও গ্রেপ্তার। মাঝের তিন দশকে বদলেছে অনেক কিছু, বদলায়নি শুধু একটা জিনিস। সুইডেন আসলাম কারাগারে থাকুক বা বাইরে, তার নামেই চলে ত্রাসের রাজত্ব। এবার পুলিশের খাতায় আরেকটি নাম সিমি, যাকে এখন খোঁজা হচ্ছে।