কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ বিস্ফোরক, আইইডি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি তৈরির সরঞ্জামসহ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
এ সময় দুইজনকে গ্রেপ্তারও করা হয়। জব্দ করা হয়েছে দুইটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল তবে পালিয়ে গেছেন মোটরসাইকেল তিনজন আরোহী।
গ্রেপ্তার দুইজন টেকনাফের নতুন পল্লানপাড়ার আবুল হোসেনের ছেলে মো. মেহেদী হাসান ও দক্ষিণ লেঙ্গুরবিল এলাকার মো. হোসেনের ছেলে মো. ইব্রাহিম। তারা অটোরিকশার চালক বলে জানা গেছে।
বিজিবির এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, শনিবার রাতে টেকনাফের বটতলী থেকে পর্যটনপাড়া আদর্শগ্রাম হয়ে অস্ত্র ও বিস্ফোরকের একটি বড় চালান পরিবহনের তথ্য পায় তারা। পরে পাঁচটি চেকপোস্ট বসিয়ে শুরু হয় বিশেষ অভিযান।
আদর্শগ্রামের একটি কাঁচা রাস্তা দিয়ে আসা দুটি অটোরিকশাকে থামার সংকেত দেন বিজিবি সদস্যরা। চালকরা জানান, গাড়িতে থাকা মালামাল সামনের একটি মোটরসাইকেলে থাকা ব্যক্তিদের।
পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেল আরোহীদের থামানোর চেষ্টা করলে তারা পালানোর চেষ্টা করেন। এ সময় সতর্কতামূলক ফাঁকা গুলি ছোঁড়েন বিজিবি সদস্যরা। মোটরসাইকেলে ফেলে ওই তিনজন পালিয়ে যান।
অটোরিকশা দুইটি তল্লাশি করা হলে, বস্তার ভেতরে প্লাস্টিকের ড্রাম ও এলপিজি গ্যাস সিলিন্ডারের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
বিজিবির তথ্য বলছে, তিন ধরনের বিস্ফোরক দানা, প্লাস্টিক বিস্ফোরক, গানপাউডার উদ্ধার করা হয়েছে। এর মধ্যে প্লাস্টিক বিস্ফোরক ৩ কেজি ৭০৯ গ্রাম, গানপাউডার ৩ কেজি ১৭২ গ্রাম, মোটা দানার বিস্ফোরক ১ কেজি ৮৫২ গ্রাম, মাঝারি দানার ২ কেজি ৭০৮ গ্রাম এবং মিহি দানার বিস্ফোরক ২ কেজি ৪৯ গ্রাম।
উদ্ধার করা হয়েছে, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় একনলা বন্দুক এবং ২৫৪টি গুলি। এছাড়া, আইইডি তৈরির ১০৩টি খালি ধাতব কৌটা, ১১ কেজি ৯০ গ্রাম স্টিলের বল ও তিন কেজি পেরেক, আট কয়েল বৈদ্যুতিক তার, ২৪টি স্কচটেপ, একটি উন্নতমানের টুলস বক্স এবং ৫৪টি দেশলাই বাক্স জব্দ করা হয়েছে।
বিজিবির টেকনাফ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, আটক দুইজন, উদ্ধার করা অস্ত্র, বিস্ফোরক ও জব্দ করা যানবাহনের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।