নব্য জেএমবির শীর্ষ নেতা ‘বোমারু মামুন’ গ্রেপ্তার

নব্য জেএমবির শীর্ষ নেতা নাজমুল হাসান মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের খাতায় যার নাম ‘বোমারু মামুন’।

লক্ষীপুরের রায়পুর থেকে তাকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট। এসময় বোমা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়।

সাভার, আশুলিয়া, ডেমরা ও কেরাণীগঞ্জের চারটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ১০ দিনের রিমান্ড চেয়ে রবিবার দুপুরে পাঠানো হয়েছে আদালতে।

তবে তার গ্রেপ্তারের বিষয়টি কঠোর গোপনীয়তায় রেখেছে পুলিশ। তবে এ বিষয়ে আলাপ অন্তত তিনজন কর্মকর্তার সাথে কথা বলে নিশ্চিত হয়েছে।

কে এই 'বোমারু মামুন'

বরিশালের রূপাতলী থানার মো. ইসমাইল মীরের ছেলে মামুনের পড়াশোনা ঢাকার দক্ষিণখান, টঙ্গী ও উত্তরার বিভিন্ন স্কুল-কলেজে। তবে ২০১৬ সালে এইচএসসিতে অকৃতকার্য হওয়ার পর পড়াশোনা আর এগোয়নি।

ঢাকার পান্থপথে ওলিও হোটেলে ২০১৭ সালের বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মামুন জানিয়েছিলেন, কলেজে পড়ার সময় সামাজিক মাধ্যমে আবু মুসলিমা নামের একজনের সাথে তার পরিচয় হয়। ২০১৬ সালের জুন অথবা জুলাই মাসে উত্তরা ৭ নম্বর সেক্টর পার্কে তার সাথে আবু মুসলিমার সাক্ষাৎ হয়।

আবু মুসলিমা তাকে প্রভাবিত করে বলেন, ‘‘প্রচলিত লেখাপড়া ভালো না। কুরআন ও হাদিস মানতে হবে, বুঝতে হবে। মৃত্যুর পর প্রচলিত লেখাপড়া কোন কাজে আসবেনা। বাবা-মা, ভাই-বোন, আত্মীয়স্বজন কোন কাজে আসবেনা। সব মায়া ত্যাগ করে হিজরত করতে হবে।’’

এরপর যোগাযোগ চলে এনক্রিপ্টেড অ্যাপ 'থ্রিমা'-তে, যেখানে মামুনের সাংগঠনিক নাম হয় 'আবদুল্লাহ' আর আবু মুসলিমার নাম 'মুয়াজ'। মুয়াজের মাধ্যমেই আবদুল ওয়াহিদ নামে আরেকজনের সাথে পরিচয় হয় মামুনের, ধীরে ধীরে বাড়তে থাকে তার সাংগঠনিক পরিসর।

২০১৭ সালের ৩১এ ডিসেম্বর ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার হন মামুন। আট বছরের বেশি সময় ধরে মামলা চলার পর, ২০২৬ সালের ৫ই জানুয়ারি ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল মামুনসহ ১১ জনকে বেকসুর খালাস দেন।

ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আবদুল হালিমের দেয়া রায়ে বলা হয়েছে, “অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারেনি প্রসিকিউশন। এছাড়া মামলাটি ছিলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”

অবশ্য খালাস পাওয়ার আগেই ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে বের হয়ে আসেন মামুন।

জামিনে বের হয়েই অন্তবর্তী সরকারের গঠন করা গুম-সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে অভিযোগ করেন মামুন। যেখানে তিনি দাবি করেন, ২০১৬ সালের ডিসেম্বরে বরিশাল থেকে তাকে গুম করা হয়েছিলো। আর এতে পুলিশের বিভিন্ন সংস্থা জড়িত। 

তবে তার এই দাবি অল্প সময়ের মধ্যেই ভুল প্রমাণিত হয়। গত বছরের অর্থাৎ ২০২৫ সালের ২৬এ ডিসেম্বর ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের হাসনাবাদ হাউজিংয়ে উম্মুল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় বোমা বানানোর সময় বিস্ফোরণ হয়। সেখান থেকে ককটেল, দাহ্য পদার্থ ও বোমার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। 

এই ঘটনায় ২০২৬ সালের ফেব্রুয়ারিতে গ্রেপ্তার হওয়া শেখ আল-আমিন ওরফে রাজিব ইসলামকে ১০ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে বোমারু মামুনের নব্য জেমবি নেটওয়ার্ক নিয়ে বিস্তারিত তথ্য পায় পুলিশ, বলে আলাপ-কে জানিয়েছেন তদন্তের সাথে যুক্ত একজন কর্মকর্তা। স্পষ্ট হয় যে, মামুন আবার নিজের নেটওয়ার্ক দাঁড় করানোর কাজে নেমেছেন।  

বোমা বানানোর পাঠ চট্টগ্রাম ও ঝিনাইদহে

২০১৬ সালে জুন-জুলাইয়ের দিকে আবু মুসলিমার সাথে পরিচয়ের পর সে বছরের অক্টোবর মাসে চট্টগ্রামে চলে যান মামুন। সেখানে ২০১৭ সালের শুরুর দিকে মামুনকে বোমা বানানোর প্রশিক্ষণ দেন সদস্য মো. সাখাওয়াত হোসেন। সংগঠনে যার নাম ছিলো ‘মাহফুজ’, ‘সবুজ পাখি’, ও ‘তাহুশ’।

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এক সরকারি কর্মচারীর ছেলে সাখাওয়াতের জন্ম ১৯৮৪ সালে। স্থানীয় আল হেরা একাডেমি থেকে ২০০২ সালে এসএসসি পাশ করে ফুলবাড়িয়া কলেজে ভর্তি হন, কিন্তু এইচএসসি শেষ করার আগেই ২০০৪ সালে যোগ দেন নৌবাহিনীতে। সেখানে থাকা অবস্থায় ২০১৪ সালে জঙ্গিবাদে জড়িয়ে পড়েন। সে সময় ডেপুটেশনে চট্টগ্রামে র‌্যাব-১২ তে কর্মরত ছিলেন মাহফুজ। এর আগে ২০১৩ সালে নীলফামারী ও টাঙ্গাইলে র‌্যাবের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেন তিনি।

এই মাহফুজের কাছেই চট্টগ্রামে ২০১৭ সালের শুরুতে দুই মাসের প্রশিক্ষণে সালফিউরিক এসিড, নাইট্রিক এসিড, হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে বোমা বানানো শিখে এক সময় 'মাদার অব সেইটান' নামে পরিচিত টিএটিপি বিস্ফোরক দিয়ে বোমা বানাতে দক্ষ হয়ে ওঠেন মামুন।

এরপর ঝিনাইদহে আরেক দফা বোমা বানানোর প্রশিক্ষণ নেন মামুন। এবারের প্রশিক্ষক আব্দুস সবুর খান ওরফে হাসান ওরফে সোহেল মাহফুজ ওরফে নসরুল্লাহ ওরফে ‘হাতকাটা সোহেল’।

২০১৬ সালের ১লা জুলাই ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম পরিকল্পনাকারী এই হাতকাটা সোহেল নব্য জেএমবির ভারতীয় শাখার আমিরও ছিলেন। ভারতের খাগড়াগড় বিস্ফোরণ মামলার আসামি, হাতকাটা সোহেলকে ধরিয়ে দিতে সেদেশের পুলিশ ২০১৪ সালে ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছিলো।

২০১৭ সালের মার্চ থেকে এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত হাতকাটা সোহেলের কাছে টাইম বোমা, রিমোট বোমা, প্রেসার কুকার বোমা ও সুইসাইড ভেস্ট বানানোর প্রশিক্ষণ নেন মামুন।