পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ২টি বাসে বুধবার ভোরে আগুন দেওয়া হয়। এতে একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা মো. সিয়াম নামের এক হেলপার পুড়ে মারা গেছেন। নিহত সিয়ামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার শিকারপুর এলাকায়।
বুধবার ভোর রাতে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিবুল হাসান এবং ভান্ডারিয়া থানার ওসি জগলুল হাসান।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বলছে, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের ২টি বাসে আগুন দেওয়া হয়। পরবর্তীতে টহলে থাকা পুলিশ সদস্যরা আশপাশের বাসে ঘুমিয়ে থাকা লোকজনকে জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ‘বাহক’ বাসের ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়।
ভান্ডারিয়া থানার ওসি মো. জগলুল হাসান গণমাধ্যমকে বলেন, ২টি বাসে আগুন দেওয়ার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন দেওয়ার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলেও জানান ওসি।