মসলার আড়ালে শিশা আমদানি, সিএন্ডএফ এজেন্টসহ তিনজন গ্রেপ্তার

মসলার আড়ালে হংকং থেকে শিশা আমদানির অভিযোগে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি শিশা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। দুই মাসের গোয়েন্দা নজরদারির পর ১১ই নভেম্বর রাতে ঢাকার বংশাল ও উত্তরা এলাকায় অভিযান চালিয়ে আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্টসহ তিনজনকে গ্রেপ্তার করে সংস্থাটি।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সোলায়মান আহমেদ শুভ, সে বংশালের আস সুন্নাহ নামক এক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, উত্তরার সাবা অ্যান্ড রিহান এন্টারপ্রাইজের মালিক শাকিল আহমেদ এবং উত্তরা ১১ নাম্বার সেক্টরের ট্রাস্ট গ্লোবাল ট্রেডিংয়ের মালিক মেহেদী হাসান।

ডিএনসি এক সংবাদ বিজ্ঞতিতে জানায়, শিশা আমদানির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গত দুই মাস ধরে নজরদারি চালানো হচ্ছিল। একপর্যায়ে অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাক আহমেদ ক্রেতা সেজে পাঁচ কেজি শিশার অর্ডার দেন। এরপর চালান সংগ্রহের কার্যক্রম পর্যবেক্ষণ করে বুধবার রাতে বংশালের নর্থ সাউথ রোডে আস সুন্নাহ প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

সেই অভিযানে সোলায়মান আহমেদ শুভকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানের ভেতরে তিনটি কার্টনে রাখা আল ফাখের ব্র্যান্ডের ৩০ কেজি শিশা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোলায়মান জানান, উত্তরার সাবা অ্যান্ড রিহান এন্টারপ্রাইজের মালিক শাকিল আহমেদের কাছ থেকে তিনি এসব শিশা সংগ্রহ করেছেন। তার দেওয়া তথ্যের মাধ্যমে বৃহস্পতিবার সকালে উত্তরায় অভিযান চালিয়ে শাকিলকে গ্রেপ্তার করা হয়। এ সময় শিশা সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কাগজপত্রও জব্দ করেন ডিএনসির কর্মকর্তারা।

পরে শাকিলের দেওয়া তথ্য অনুযায়ী উত্তরা ১১ নাম্বার সেক্টরের ট্রাস্ট গ্লোবাল ট্রেডিংয়ে অভিযান চালানো হয়। সেখান থেকে প্রতিষ্ঠানটির মালিক মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি এজেন্টের মাধ্যমে হংকং থেকে শিশা আমদানি করে শাকিলের কাছে সরবরাহ করতেন। পরে শাকিলের মাধ্যমে সেগুলো পৌঁছাত সোলায়মানের কাছে।

গ্রেপ্তার ব্যক্তিদের ব্যবহৃত মুঠোফোন ও সংশ্লিষ্ট তথ্য পর্যালোচনা করে সালমান নিবিড় নামে আরও একজনের সম্পৃক্ততা পাওয়া গেছে।এছাড়াও শিশা কেনাবেচা ও আর্থিক লেনদেনেও তার সংশ্লিষ্টতার তথ্য মিলেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও উল্লেখ করেছে ডিএনসি।

ডিএনসি বলছে, এই চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।