চাকরি, বদলি আর পদন্নোতি সবই করতে পারেন তিনি। কথার জালে ভুলিয়ে মানুষের কাছ হাতিয়ে নিয়েছেন বিপুল পরিমাণ অর্থ। এসব অভিযোগে সেনাবাহিনী ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) এর মেজর পরিচয় দেওয়া আসাদুল ইসলাম নামে এক চাকরিচ্যুত সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে রাজধানীর অভিজাত এলাকা গুলশানের ক্যাফে কলম্বিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানা ও পাবনার সাঁথিয়া থানা পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার গুলশান থানা পুলিশের একটি সূত্র জানায়, আসাদুল ইসলাম একসময় সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত ছিলেন। অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৪ সালে চাকরিচ্যুত করা হয়। তার বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি গ্রামে। বাবার নাম আবুল মজিদ মোল্লা বলে জানা গেছে।
পুলিশের দাবি, চাকরিচ্যুত হওয়ার পর আসাদুল নিজেকে বাংলাদেশ সেনাবাহিনী ও ডিজিএফআইয়ের মেজর পরিচয় দিতে শুরু করেন। তিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে (এনটিএমসি) কর্মরত আছেন বলেও দাবি করতেন।
স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে পরিচয় দিয়ে চাকরি, বদলি ও পদোন্নতির প্রলোভন দেখাতেন। এরকম মিথ্যা আশ্বাস দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি মেজর পরিচয়ে সচিবালয়ে যাতায়াত করে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গেও প্রতারণার চেষ্টার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ডিএমপি গুলশান বিভাগের ডিসি রুহুল কবির খান আলাপ-কে বলেন, আসাদুলের বিরুদ্ধে পাবনার সাঁথিয়া থানায় করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আর সেই পরোয়ানায় গুলশান পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, গুলশানে অভিযানে থানা পুলিশের সহায়তায় আসাদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আমাদের কাছে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তারের পর তাকে পাবনা আনা হয়েছে। এই আসামিকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।