সুতা-ডাকাতি থেকে বোমা: ফ্লাইওভার যেন অপরাধীদের স্বর্গ

সোশ্যাল মিডিয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে ৮ই নভেম্বর রাতে। দেখা যায় ফ্লাইওভার থেকে হেলমেট পরা এক ব্যক্তি পল্লবী থানায় ককটেল ছুঁড়ে মারে। এ ঘটনায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য আহত হন। 

গত ১৮ই সেপ্টেম্বর মালিবাগ রেলক্রসিংয়ের পাশে সোহাগ পরিবহনের কাউন্টারের সামনে হঠাৎ করেই বিকট শব্দে বিস্ফোরিত হয় দুটি ককটেল। এর কিছু সময় পর, একই দিন সন্ধ্যায় মহাখালীর আমতলী মোড়ে আরেকটি ককটেল বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ককটেলগুলো সড়ক থেকে নয়, বরং ওপরের ফ্লাইওভার থেকে নিচের চলন্ত গাড়ি ও পথচারীদের লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল। 

ডেইলি স্টার-কে পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে। 

ফ্লাইওভার থেকে আকস্মিক ককটেল হামলা নিরাপত্তাহীনতাকে নতুন করে সামনে এনেছে।  তবে আতঙ্ক কেবল ককটেলেই আটকে নেই। ফ্লাইওভারের ওপরে মোটরসাইকেল চালকদের জন্য ওঁৎ পেতে আছে আরেক অদৃশ্য মৃত্যুফাঁদ।

গভীর রাত। মহাখালী ফ্লাইওভার দিয়ে যাচ্ছেন একজন বাইকার। ফ্লাইওভারের নির্জন, অন্ধকার পিচঢালা পথ ধরে বাইকের গতি তখন ষাটের কাছাকাছি। হুট করেই মনে হলো বাতাসের বুকে অদৃশ্য কোনো ছুরি তার গলার চামড়া কেটে ভেতরে ঢুকে যাচ্ছে। 

বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়লেন তিনি। গলায় হাত দিয়ে দেখলেন, চামড়া কেটে ফিনকি দিয়ে রক্ত ছুটছে। মাটিতে পড়ে যখন তিনি যন্ত্রণায় ছটফট করছেন, ঠিক তখনই অন্ধকার থেকে ছায়ার মতো তিন-চারজন যুবক বেরিয়ে এলো। কোনো কথা না বলে বাইকারের বুকে পা দিয়ে ধরল, বাকিরা পকেট থেকে মোবাইল, ওয়ালেট আর বাইকের চাবিটা ছিনিয়ে নিয়ে চোখের পলকে অন্ধকারের বুকেই মিলিয়ে গেল। 

২০২০ সালে চট্টগ্রামে সুতা বেধে ছিনতাই করা এমনই এক চক্রকে আটক করেছিল তৎকালীন র‌্যাব (বর্তমানে এসআরবি)। তখন থেকেই আলোচনায় আসে নগরীগুলোর ফ্লাইওভারগুলোতে প্রয়োজন সিসি ক্যামেরা, পর্যাপ্ত আলো এবং নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর টহল। 

সম্প্রতি আবারও নতুন করে ফ্লাইওভারের নিরাপত্তা ও অপরাধ চক্র নিয়ে নতুন করে আলোচনা চলছে। 

ফ্লাইওভারে বেঁধে রাখা নাইলনের মজবুত সুতার টানে হাত ও গলায় জখম করে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে। একইসঙ্গে সম্প্রতি বাড়ছে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপের ঘটনা। 

এই দুই ধরনের ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছে নগরীর ফ্লাইওভারের নিরাপত্তা ব্যবস্থা কার হাতে? কীভাবে এই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা যায়। 

ককটেল আতঙ্ক 

রাজধানীর পল্লবী থানার প্রাঙ্গণে ফ্লাইওভার থেকে ৮ই নভেম্বর ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এসআরবি’র এক সদস্য আহত হয়েছেন। 

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা ইত্তেফাকের কাছে নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, “আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।”

ইত্তেফাকের প্রতিবেদনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানিয়েছে, মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত পল্লবী থানার পাশের ফ্লাইওভারের ওপর থেকে থানার প্রাঙ্গণে একটি ককটেল নিক্ষেপ করে। সেটি বিস্ফোরিত হলে থানার ফটকের ভেতরে অবস্থানরত এসআরবি-৪-এর এক সদস্যের শরীরে বিস্ফোরিত ককটেলের অংশের আঘাত লাগে। এতে তিনি সামান্য আহত হন। 

২০২৫ সালের ২৪এ ডিসেম্বর মগবাজার ফ্লাইওভার থেকে সড়ক লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল ছুঁড়ে মারে। নিউ ইস্কাটন এজি চার্চ সংলগ্ন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গেটের সামনে সেই ককটেল বিস্ফোরিত হয়ে ২১ বছর বয়সী সিয়াম নামে এক তরুণ গুরুতর আহত হন, পরে তিনি মারা যান। 

ডিএমপি তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং মগবাজার ফ্লাইওভারের প্রবেশমুখে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।” 

এ ঘটনায় ফ্লাইওভারে পর্যাপ্ত আলোর অভাব এবং সিসি ক্যামেরা না থাকার প্রসঙ্গও উল্লেখ করেন ইবনে মিজান। তিনি ডেইলি স্টারকে বলেন, “আমরা দেখতে পেয়েছি ঘটনাস্থলে ফ্লাইওভারের একটি বড় অংশের আলো বন্ধ ছিল, বিশেষ করে যেখান থেকে বোমাটি নিক্ষেপ করা হয়েছিল। সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই।”

এছাড়াও রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম ডেইলি স্টারকে বলেন, “ফ্লাইওভারে সিসিটিভি ক্যামেরা না থাকায় এখনো কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।”

ডিএমপির যুগ্ম কমিশনার  (ক্রাইম) মো. ফারুক হোসেন আলাপ-কে বলেন, “ফ্লাইওভারগুলোকে সিকিওর করার জন্য আজকে আমরা ব্যবস্থা নিয়েছি। এন্ট্রি এবং এক্সিট পয়েন্টগুলোতে আমরা চেকপোস্ট বসাচ্ছি। মোটরসাইকেল পেট্রোলিংয়ের ব্যবস্থাও নেওয়া হয়েছে। যদি কেউ অপকর্ম করে তাহলে দ্রুত যেন তাদের ধরা যায়।  এ ধরনের ঘটনা ঘটলে ফ্লাইওভার বন্ধ করে আমরা যেন চেক করতে পারি।  আজকে (সোমবার) সন্ধ্যার পর থেকেই এ পদক্ষেপগুলো নেয়া হবে।”

নতুন আতঙ্ক ‘সুতা-ডাকাতি’

যুগান্তরের এক প্রতিবেদনে উঠে আসে ১৮ই সেপ্টেম্বরের এক ঘটনার তথ্য। এক যাত্রীকে নামিয়ে শ্যামপুরের বাসায় ফিরছিলেন মোটরসাইকেলচালক মো. রনি। হানিফ ফ্লাইওভারের ঢালের একটু আগে রাস্তায় অদ্ভুত এক বাধার মুখে পড়েন তিনি। দেখেন, রাস্তার দুই পাশ থেকে দুজন লোক খুব দ্রুত একটি নাইলনের মোটা সুতা বা তার টানটান করে ধরে আছে। রনি ব্রেক করার চেষ্টা করলেও চাকা স্লিপ করে রাস্তায় পড়ে যান। 

এ সময় ৩ জন অপরাধী এসে তাকে চাপাতির মুখে জিম্মি করে। রনির গলায় রামদা ঠেকিয়ে তার বাইকের চাবি, পকেটের ক্যাশ টাকা এবং মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। মাত্র ২ থেকে ৩ মিনিটের মধ্যে তারা কাজ শেষ করে উধাও হয়ে যায়। 

সুতা ডাকাতির শিকার একজনের ফেসবুক পোস্ট

২০২০ সালের জুলাই মাসে সুতার ফাঁদে পড়ে মোবাইল ও মানিব্যাগ খুইয়েছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভির জোবায়ের। মধ্যরাতে বন্ধুকে রামপুরায় নামিয়ে দিয়ে হাতিরঝিল হয়ে ধানমন্ডি ফেরার পথে মধুবাগ ফ্লাইওভারে সুতার ফাঁদে পড়েন তিনি। 

তানভির ঘটনা সম্পর্কে বাংলা ট্রিবিউন বলেন, “হাতিরঝিলের মধুবাগ ফ্লাইওভার থেকে নামার পথে কিছু একটা হাতে আটকে যায়। ব্যথা পেয়ে মোটরসাইকেল থামিয়ে দেখি— সুতা আটকে হাত কেটে গেছে। সঙ্গে সঙ্গে দেখলাম কয়েকজন এসে আমাকে ঘিয়ে ধরলো। চাকু দেখিয়ে মোবাইল ও  মানিব্যাগ নিয়ে গেলো। কিছু বুঝে ওঠার আগেই তারা পালিয়ে যায়।” 

একই প্রতিবেদনে উঠে আসে আরেকটি ঘটনার তথ্য। 

মেয়র হানিফ ফ্লাইওভারের যাত্রাবাড়ী অংশে সুতার ফাঁদে পড়ে গলার চামড়া কেটে যায় মাহমুদ রেজা তফুর। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, “যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারে আমি ৬০ কিলোমিটার স্পিডে  বাইক চালাচ্ছিলাম।  হঠাৎ একটা সুতা গলায় পেঁচিয়ে গেলো, আর প্রচণ্ড যন্ত্রণা অনুভব করলাম। আমি বাইকটাকে কোনও রকমে এক হাত দিয়ে কন্ট্রোল করলাম, আরেক হাত দিয়ে সুতাটা ধরলাম, যেন গলাটা বাঁচাতে পারি।  সুতার টান এত বেশি ছিল যে, আমার হাত আর আঙুল কেটে গেছে। হেলমেটটা গলার ওপর সুতার প্রেসার কমাইছে, নইলে আরেকটু জোরে  প্রেসার পড়লে গলার রগটা কেটে যেতে পারতো।”  

শুধু যে সুতা দিয়ে মোটরসাইকেল চালকদের উপর হামলা হয় তা নয়। অনেক সময় ফ্লাইওভারের স্ল্যাব উঠিয়ে সড়ঙ্গ তৈরি করেও ছিনতাইয়ের ঘটনা ঘটে।

২০২৩ সালের ৯ই অগাস্ট আরামবাগ থেকে থেকে পল্লবীর বাসার উদ্দেশে মোটরসাইকেল নিয়ে শান্তিনগর হয়ে ফ্লাইওভারে ওঠেন শামীম খান। পথে তেল শেষ হলে মগবাজার মোড় পার হওয়ার পরপরই মোটরসাইকেলটি বন্ধ হয়ে যায়। 

শামীম মোটরসাইকেলটি ঠেলে হোটেল সোনারগাঁও ক্রসিংয়ের দিকে এগোতে থাকেন। এমন সময় ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা নারী শামীমকে একপাশ দিয়ে যাওয়ার পরামর্শ দেন। তার কথামতো শামীমও ফ্লাইওভারের একপাশে চলে আসেন। তখন ফ্লাইওভারের নিচের ‘আস্তানা’ থেকে মুহূর্তের মধ্যে দুই যুবক চাপাতি হাতে শামীমের সামনে হাজির। কিছু বোঝার আগেই শামীমকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এসময় অন্য দুটি মোটর সাইকেলের আরোহী এই দৃশ্য দেখে এগিয়ে এলে ছিনতাইকারী দুই যুবক পালিয়ে যায়। আর ওই নারীকে মোটরসাইকেল আসা যুবকরা বেঁধে রেখে ৯৯৯-এ (জাতীয় জরুরি সেবা) ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে শামীমকে উদ্ধার করে।

ফ্লাইওভার যেন অপরাধীদের স্বর্গ

এ ঘটনার পরই বেরিয়ে আসে ফ্লাইওভারের ভেতরে কৌশলে রীতিমতো আস্তানা গেড়েছিল ছিনতাইকারীরা। গণমাধ্যমে এই ঘটনার পর আইন-শৃঙ্খলা বাহিনী জানায়, মূলত এই চক্রটি ফ্লাইওভারের অবকাঠামোগত গঠনকে ব্যবহার করে সুযোগ নিয়েছিল। ফ্লাইওভারের পিলারের ওপরে যে স্ল্যাবগুলো বসানো হয়েছে, সেগুলোর ভেতরে ফাঁপা। আর পিলারের পাশ দিয়ে ফাঁকা, অর্থাৎ ভেতরে ঢোকার মতো জায়গা রয়েছে। আর এতে করে পুরো ফ্লাইওভারেই তৈরি হয়েছে সুড়ঙ্গের মতো ফাঁপা জায়গা। গভীর রাতে সেখানেই অবস্থান নিতো ছিনতাইকারীরা। আর চক্রের কেউ কেউ বাইরে ওঁৎ পেতে থাকতো। রাতে ফ্লাইওভারের উপর কাউকে একা পেলে সহযোগিতার কথা বলে ভুল পথ দেখিয়ে দিতো ওই চক্রের কিছু নারী সদস্য। ভুল পথে কেউ গেলেই ফাঁদ পেতে বসা থাকা চক্রটির অন্যান্য সদস্যরা সুড়ঙ্গ থেকে বেড়িয়ে এসে আক্রমণ করতো, ছিনিয়ে নিতো সব।

ফ্লাইওভারের নিরাপত্তা কার দায়িত্বে 

ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপের ঘটনায় এসআরবি’র এক সদস্য আহত হওয়ার বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন আলাপ-কে বলেন, “রুপনগরে হাতেনাতে ধরতে পেরেছি। মনে হচ্ছে এই চক্রটাই কাজ করছে। আগাম কিছু এখন বলবো না। গোয়েন্দা সংস্থা কাজ করছে।” 

ফ্লাইওভারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে চেকপোস্ট বাড়ানো হয়েছে ও সিভিল পোশাকে টহল দেয়া হচ্ছে বলেও আলাপ-কে নিশ্চিত করেন জালাল উদ্দিন। 

সিসি ক্যামেরার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ক্যামেরা যেটা আছে সেটা নষ্ট। 

সিসি ক্যামেরা দেখভালের দায়িত্ব সিটি করপোরেশনের বলেও উল্লেখ করেন তিনি। 

“আমরা এরই মধ্যে জানিয়েছি সিটি করপোরেশনকে। গুরুত্বপূর্ণ স্থাপনার চারপাশে সিকিওরড করার জন্য। এজন্য পর্যাপ্ত আলো ও সিসি ক্যামেরা ঠিক করার জন্য। তারা আশ্বস্ত করেছেন খুব দ্রুত ব্যবস্থা নেবেন,” আলাপ-কে বলেন তিনি। 

তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম আলাপ-কে বলেন, নিরাপত্তার ব্যাপার তো পুলিশের বিষয়। 

পর্যাপ্ত আলো ও সিসিটিভির আওতায় নিয়ে আসা প্রসঙ্গে তিনি বলেন, “যেখানে আলো নেই কিংবা পর্যাপ্ত আলো নেই সেটার জন্য আমরা কাজ করছি। আর সিসি ক্যামেরার দায়িত্ব পুলিশের।” 

সিসি ক্যামেরার দায়িত্ব কার?

ফ্লাইওভারে নিরাপত্তার দায়িত্ব কার এ বিষয়েও তৈরি হয়েছে প্রশ্ন। নিরাপত্তা জোরদার, টহল পুলিশ বাড়ানোর কথা আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হলেও ফ্লাইওভারগুলোতে বাতি এবং সিসি ক্যামেরার আওতায় আনা নিয়েও আছে জটিলতা। 

দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বাতি বসানোর বিষয়টি সিটি করপোরেশনের বিষয় বলে জানালেও তিনি বলেছেন ক্যামেরা বসানোর দায়িত্ব পুলিশের। 

তবে ফ্লাইওভার বানানোর সময়ই লাইটের ব্যবস্থা নেই বলে আলাপ-কে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মো. আসফিকুজ্জামান আকতার। 

“নগরের যত সুযোগ-সুবিধা সব কিছু দেখবে সিটি করপোরেশন। পুলিশ আইন-শৃঙ্খলা দেখে, আর ট্রাফিক বিভাগ ট্রাফিক নিয়ন্ত্রণ করে। ফ্লাইওভারে কোনো স্ট্রিট লাইট নেই। বানানোই হয়েছে এভাবে। আমরা টহল পুলিশ জোরদার করেছি।”

তিনি আরও বলেন, পুলিশের স্ট্র্যাটিজিক কাজে বিভিন্ন জায়গায় আমরা সিসি ক্যামেরা বসাই। কিন্তু বাকিগুলো সিটি করপোরেশনের দায়িত্ব হওয়ার কথা। এ বিষয়ে সংশ্লিষ্ট অপরাধ বিভাগের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করেন। 

সিসি ক্যামেরা নিয়ে সিটি করপোরেশনের সঙ্গে কোনো বিরোধ নেই জানিয়ে ডিএমপির যুগ্ম কমিশনার  (ক্রাইম) মো. ফারুক হোসেন আলাপ-কে বলেন,  “হানিফ ফ্লাইওভার সিসি ক্যামেরার আওতায় আছে। আর বাকি যেগুলো আছে সেগুলো সমন্বয় করে আমরা দ্রুত ব্যবস্থা নিব।”