স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ফারুক আহমেদ।
রবিবার এসআরবি সদর দপ্তরে দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত মহাপরিচালক এসআরবির বাহিনীর সদস্যদের নিয়ে স্বাগত দরবারে অংশ নেন।
ফারুক আহমেদ, জনমানুষের কল্যাণে আন্তরিকতা, পেশাদারিত্ব ও জবাবদিহিতার সঙ্গে নিয়মতান্ত্রিকভাবে দায়িত্ব পালনের জন্য বাহিনীর প্রতিটি সদস্যকে নির্দেশনা দেন।
এ সময় তিনি বাংলাদেশের জননিরাপত্তা এবং আইনের সুশাসন প্রতিষ্ঠায় এসআরবি ফোর্সেসকে একটি রোল মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ ১৯৯৮ সালে বিসিএস ১৭তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী থেকে এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন। চাকরি জীবনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।
তিনি ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়াও অতিরিক্ত কমিশনার (প্রশাসন), ঢাকা মেট্রোপলিটন পুলিশ, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) র্যাব ফোর্সেস সদর দপ্তর এবং সবশেষ হাইওয়ে পুলিশ প্রধান হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন তিনি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া ও সুদানে দায়িত্ব পালন করেছেন।