হাইকোর্টে মেজর (অব.) আখতারুজ্জামানের অন্তর্বর্তীকালীন জামিন

হযরত শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা তৈরি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ করা মামলায় মেজর (অব.) আখতারুজ্জামানকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ পহেলা নভেম্বর রবিবার রুলসহ জামিনের আদেশ দেন।

এর আগে নিম্ন আদালতে জামিন না পেয়ে গত সপ্তাহে জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন আখতারুজ্জামান। তার পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

গত ২রা অক্টোবর ঢাকা ক্যান্টনমেন্টের ডিওএইচএসের বাসা থেকে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

এর আগের দিন বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে নিয়ে বিশৃঙ্খলা তৈরি, সরকারি কাজে বাধা ও দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়।

গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০২৫ সালের ১৩ই ডিসেম্বর জামায়াতে ইসলামীতে যোগ দেন সাবেক এই বিএনপি নেতা।

মেজর (অব.) আখতারুজ্জামান কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ছিলেন। দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে ২০২২ সালের ২০এ ফেব্রুয়ারি তাকে পঞ্চমবারের মতো বিএনপি থেকে বহিষ্কার করা হয়।