বিএনপিকে ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও নেতাকর্মীদের সমালোচনা, অতঃপর আটক নারী

ফেইসবুক লাইভে সরকার ও বিএনপি'র নেতাকর্মীদের সমালোচনা করে মন্তব্য করার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় সাথী আক্তার নামে এক নারী উদ্যোক্তাকে আটক করেছে পুলিশ। রবিবার  রাত ৮টা নাগাদ উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকা থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

জানা যায়, সাথী আক্তার ওই এলাকার একটি বিউটি পার্লারের মালিক। ওইদিন দুপুরে সাথী মেকওভার নামে একটি ফেইসবুক আইডি থেকে লাইভে এসে ব্যবসাপ্রতিষ্ঠানে একের পর এক চুরিকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

লাইভে সাথীকে বলতে শোনা যায়, তার মালিকানাধীন  দুটি শোরুম ও আশপাশের কয়েকটি দোকান থেকে বৈদ্যুতিক তার, এসির তার এবং বাসা থেকে মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি।এসব ঘটনায় ব্যবসার নিরাপত্তা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশা জানান ওই নারী। সেসময় ভোট দেওয়া নিয়ে অনুশোচনা করে বিএনপি সরকারের সমালোচনা করেন তিনি।

এর জের ধরে সেখানকার বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। রাতে রাজনৈতিক কর্মী ও এলাকাবাসী তার পার্লারে গিয়ে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। একপর্যায়ে উত্তেজনা দেখা দিলে এবং পার্লারে ভাঙচুরের আশঙ্কায় পুলিশকে খবর দেওয়া হয়।

ছবি_ আলাপ

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সাথী আক্তারকে হেফাজতে নিয়ে থানায় যায় পুলিশ।

ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, "পার্লারে হামলার আশঙ্কার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ফেইসবুক লাইভে সমালোচনার কারণে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়ে থাকতে পারে। সাধারণ মানুষের বাকস্বাধীনতা ও সমালোচনার অধিকার থাকলেও উত্তেজনাকর পরিস্থিতি এড়াতে ওই নারীকে হেফাজতে নেওয়া হয়েছে।"

এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গফরগাঁও সার্কেলের  অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ বিশ্বাস আলাপ-কে জানান, "সাথী আক্তারকে আদালতে পাঠানো হয়েছে। তবে তার বিরুদ্ধে কোন মামলা হয়নি।"