সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। ১৫ই অক্টোবর তাকে গ্রেপ্তার করে কাতার পুলিশ। ইন্টারপোল শেখ আব্দুল হান্নানের গ্রেপ্তারের বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে (দুদক) মেইলের মাধ্যমে জানিয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম আলাপ-কে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবাহিনীর সাবেক এই প্রধানের বিরুদ্ধে তিন কোটি ২৮ লাখ ৫১ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ ছাড়া বিভিন্ন ব্যাংক হিসাবে তার নামে ২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে দুদক।

একই মামলায় তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধেও এক কোটি ৯১ লাখ ৯০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার ব্যাংক হিসাবে এক কোটি ১৮ লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ার কথা জানিয়েছে দুদক।

দুদকের অনুসন্ধানে শেখ আব্দুল হান্নানের নামে বিদেশে সম্পদের তথ্য পাওয়া গেছে। বিশেষ করে কানাডা ও দুবাইয়ে তার সম্পদ থাকার তথ্যও উঠে এসেছে।

এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ১৯৮৪ সালে বাংলাদেশ বিমানবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি ২০২১ সালের ১২ই জুন বাংলাদেশ বিমানবাহিনীর ১৬তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের ১১ই জুন তিনি অবসরে যান তিনি।