ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচি বা ‘অপতৎপরতা’ ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবি প্রধান এ কথা বলেন।
শফিকুল ইসলাম জানান, আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মোহাম্মদ রাকিবুল ইসলামের ভাইরাল অডিওর কণ্ঠ তারই। ভয়েস টেস্টে নিশ্চিত হওয়ার পর ওই কথোপকথনের মাধ্যমে কোনো তথ্য পাচার হয়েছিলো কি না, কার সঙ্গে এবং কী প্রেক্ষাপটে তিনি কথা বলেছিলেন, তার তদন্ত এখনো চলছে।
ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার দেশে ফেরাকে কেন্দ্র করে আওয়ামী লীগের কোনো কর্মসূচি বা নাশকতার আশঙ্কা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, আইন অনুযায়ী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কোনো কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না। এ ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর।
ডিবি প্রধান বলেন, “দেশের জনগণ, বিশেষ করে ঢাকা মহানগর এলাকায় যারা বসবাস করেন, তাদের জানমালের নিরাপত্তা বিধান করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। এই দায়িত্ব পালনে আমরা সচেষ্ট ও সজাগ রয়েছি। আমরা যেকোনো অপতৎপরতা রুখে দেব।”
তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ দলের কর্মকাণ্ড ঠেকাতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযানও চলবে।
রাকিবুলের অডিও তারই কণ্ঠের
ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মোহাম্মদ রাকিবুল ইসলামের ভাইরাল হওয়া অডিওর সত্যতা নিশ্চিত হওয়ার তথ্য জানিয়েছেন ডিবি প্রধান।
রাকিবুলকে দুই দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য সম্পর্কে জানতে চাইলে ডিবি প্রধান আরো বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওটি আদালতের অনুমতি নিয়ে সিআইডির মাধ্যমে পরীক্ষা করা হয়েছে। ভয়েস টেস্টে নিশ্চিত হওয়া গেছে, অডিওতে থাকা কণ্ঠ রাকিবুলেরই।
তার কণ্ঠস্বরই রেকর্ড করা হয়েছে। এটা অন্য কোনোভাবে বানানো হয়নি, বলেন তিনি।
তবে অডিওতে তিনি কী প্রেক্ষাপটে কথা বলেছেন, কোথায় এবং কার সঙ্গে ওই কথোপকথন হয়েছে, এসব বিষয় তদন্ত করা হচ্ছে বলে জানান ডিবি প্রধান।
গত ২৪এ সেপ্টেম্বর রাতে রাজধানীর রাজারবাগ এলাকা থেকে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মোহাম্মদ রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে দুই দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
এর আগে ২৭এ সেপ্টেম্বর সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, রাকিবুল হাসানের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
ভাইরাল অডিওতে রাকিবুলকে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার প্রসঙ্গে কথা বলতে শোনা যায়। সেখানে তাকে বলতে শোনা যায়, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না। ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে চলতি মাসেই তার দেশে আসা উচিত বলেও অডিওতে মন্তব্য করতে শোনা যায়। পুলিশের সক্ষমতা নিয়েও ওই কথোপকথনে মন্তব্য রয়েছে।