ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৪৮ ঘণ্টায় চার কারাবন্দীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে রবিবার পৌনে দুই ঘণ্টার ব্যবধানে। সর্বশেষ সোমবার সকালে মারা গেছেন ৬৭ বছর বয়সী আলী আকবর মণ্ডল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হাবিবুর রহমান আলাপ-কে জানান, আলী আকবর মণ্ডলের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় আলী আকবর মণ্ডলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলী আকবর মণ্ডল মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী গ্রামের বাসিন্দা। তিনি কোন মামলায় কারাগারে ছিলেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
এর আগে গতকাল রবিবার সকাল ৭টা ২৫ মিনিট থেকে ৯টা ৫ মিনিটের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরও তিন কারাবন্দীর মৃত্যু হয়। তারা হলেন আবুল বাশার (৫৮), আবদুল কাইয়ম (৬২) ও মো. শাহাদত হোসেন লিটন (৫২)।
হাসপাতাল সূত্র জানায়, তাদেরও ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়েছিল। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।