আমিনবাজারে এসবি সদস্যকে পিটিয়ে হত্যা

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) মো. আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার ছেলে মো. আরিফুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।

শনিবার রাত ৮টার দিকে সাভারের আমিনবাজারের বড়দেশি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলতাফ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল ব্র্যাঞ্চে কর্মরত ছিলেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম আলাপ-কে জানান,  আলতাফ হোসেন পরিবার নিয়ে আমিনবাজারের বরদেশী এলাকায় ভাড়া থাকতেন। পাশাপাশি ওই এলাকায় নিজের ৫ শতাংশ জমিতে টিনশেডের একটি কারখানায় মিনি গার্মেন্টস পরিচালনা করতেন তিনি।

পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরও বলেন, “শনিবার কারখানার কাছেই ভাড়া বাসায় ফিরছিলেন আলতাফ। পথে একটি প্রাইভেট কারে থাকা কয়েকজন যুবককে এক বৃদ্ধ অটোরিকশাচালককে মারধর করতে দেখেন। এ সময় আলতাফ প্রতিবাদ করলে ওই যুবকরা তাকেও মারধর করেন। প্রাণ বাঁচাতে আলতাফ নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে দৌড়ে কারখানার ভেতরে ঢুকে পড়েন।”

ওসি বলেন, “ওই যুবকরা আরও ১৫-২০ জনকে ডেকে এনে কারখানায় হামলা চালায়। কারখানায় ঢুকে মেশিন ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র ভাঙচুর করে।  আলতাফ ও তার ছেলে আরিফকে বেধরক পিটিয়ে চলে যায়। পরে প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলতাফকে মৃত ঘোষণা করেন। তার ছেলে আরিফ চিকিৎসাধীন আছেন।”

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন জানান, গাড়ি পার্কিং নিয়ে কথা কাটাকাটির জেরে নিজ বাসার কাছেই হামলার শিকার হয়ে নিহত হন এসআই আলতাফ।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান শামীমা পারভীন।

নিহত আলতাফ হোসেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে।