মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ট্রাফিক পুলিশের দুটি মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির বিরুদ্ধে দুটি মামলা দেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের দেওয়া মামলায় জরিমানা করা হয়েছে মোট ছয় হাজার টাকা।

বৃহস্পতিবার সকালে ঢাকার সার্কিট হাউজ সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের এক শীর্ষ কর্মকর্তা। অভিযোগ ছিলো মন্ত্রীর গাড়িটি উলটো পথে বেপরোয়াভাবে চালানো হয়েছে। 

ট্রাফিক বিভাগ জানায়, একজন মন্ত্রীর পতাকাবাহী গাড়ি সার্কিট হাউজ সড়কের উলটো পথে সচিবালয়ের দিকে যাচ্ছিলো। এ সময় ট্রাফিক পুলিশ গাড়িটিকে থামিয়ে দেয়। গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো-ঘ-১৮-২১২৫। চালককে জানানো হয়, এভাবে উল্টো পথে গাড়ি চালানো ট্রাফিক আইনের লঙ্ঘন। পরে গাড়িটির বিরুদ্ধে দুটি মামলা করা হয় এবং প্রতিটি মামলায় ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

ট্রাফিক বিভাগের কর্মকর্তারা জানান, মন্ত্রীর গাড়িটি যখন উলটো পথে যাচ্ছিল, তখন পাশের সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহরও সচিবালয়ের দিকে যাচ্ছিল। ঘটনার সময় মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত গাড়িতে ছিলেন।

ট্রাফিক কর্মকর্তারা বলছেন, বাংলাদেশে এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ি উলটো পথে চলার অভিযোগে মামলা হওয়ার ঘটনা ঘটলো।

অতীতেও যানজট এড়ানো কিংবা দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য মন্ত্রীদের গাড়ি উলটো পথে চলার ঘটনা গণমাধ্যমে এসেছে। তবে এ ধরনের ঘটনায় মামলা হওয়ার ঘটনা এবারই প্রথম বলে দাবি করেছেন তারা।

এদিকে মন্ত্রীর গাড়ি উলটো পথে চলার খবর ছড়িয়ে পড়ার পর সচিবালয়ে ব্যাপক গুঞ্জনের সৃষ্টি হয়।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, "প্রধানমন্ত্রী নিজেই ট্রাফিক আইন মেনে সচিবালয়ে যাতায়াত করছেন। যানজটের মধ্যেও প্রধানমন্ত্রীর গাড়িবহর ট্রাফিক সিগন্যাল মেনে চলছে। সেখানে কোনো মন্ত্রী বা সচিবের গাড়ি উলটো পথে চলার ঘটনায় মামলা হওয়া দেশের শীর্ষ কর্মকর্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হবে।"