শাপলা চত্বরের মামলায় গ্রেপ্তার লতিফ সিদ্দিকী 

শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় গ্রেপ্তার করা হয়েছে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে।

বুধবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসা থেকে ও আওয়ামী লীগের সাবেক এই কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম আলাপ-কে জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই পরোয়ানার সূত্র ধরে তাকে গ্রেপ্তার করা হয়।

গত বুধবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে লতিফ সিদ্দিকী বলেন, হেফাজতের দায়ের করা মানবতাবিরোধী মামলায় রবি বা সোমবার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করবেন তিনি। 

২০১৩ সালের ৫ই মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৪১ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

হেফাজতে ইসলামের দায়ের করা গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, শহীদুল হক, বেনজির আহমেদসহ সাবেক কয়েকজন মন্ত্রীও আসামি রয়েছেন। 

লতিফ সিদ্দিকী আওয়ামী লীগ থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কিন্তু বিতর্কিত এক মন্তব্যের জেরে ২০১৪ সালে তাকে মন্ত্রিত্ব ছাড়তে হয় এবং আওয়ামী লীগ থেকেও বহিষ্কার করা হয়।