নেত্রকোনায় ফেইসবুক পোস্টে ধর্মীয় অবমাননার অভিযোগে মামলা

নেত্রকোনার কলমাকান্দায় ফেইসবুকে ধর্মীয় বিদ্বেষমূলক পোস্ট ও মন্তব্য করার অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।  

রবিবার রাতে কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে মামলাটি করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান আলাপ-কে জানান, আসামিরা পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে একজন যুবক তার ফেইসবুক অ্যাকাউন্ট থেকে ভারতের একটি চলমান আন্দোলন নিয়ে একটি পোস্ট দেন। ওই পোস্টে আরেকজন মন্তব্য করেন।

মামলার বাদী এসআই আবদুল মান্নান আলাপ-কে জানান, ফেইসবুকের পোস্ট ও মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ধর্মীয় বিদ্বেষ, ঘৃণা ও উত্তেজনা সৃষ্টি হয়। এর প্রেক্ষিতেই সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৬(১) ধারায় মামলা করা হয়েছে।

এদিকে, ররিবার সন্ধ্যায় একদল লোক দুই যুবকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।