পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
অবসরে পাঠানো কর্মকর্তাদের বিরুদ্ধে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতি আনুগত্য, জাতীয় নির্বাচনে অনিয়মে সহযোগিতা, বিরোধী দলের ওপর দমন-পীড়ন, দলটির সঙ্গে পারিবারিক সম্পর্ক, এবং দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ এসেছে। ২৩এ জুলাই বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। অবসরে যাওয়া কর্মকর্তাদের মধ্যে ৩ জন উপমহাপরিদর্শক (ডিআইজি), ১২ জন অতিরিক্ত ডিআইজি, একজন পুলিশ সুপার (এসপি) এবং একজন উপপুলিশ কমিশনার আছেন।
তারা হলেন, ডিআইজি মোহাম্মদ আবদুল্লাহীল বাকী, ওয়ালিদ হোসেন ও সানা শামীনুর রহমান, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তবারক উল্লাহ, মোহাম্মদ সারোয়ার হোসেন, একেএম ইকবাল হোসেন, বিধান ত্রিপুরা, সহেলী ফেরদৌস, ফয়সল মাহমুদ, হাসিনা রহমান, কানিজ ফাতেমা, জেসমিন বেগম, ফরিদা ইয়াসমিন, রেবেকা সুলতানা ও সুলতানা নাজমা হোসেন এবং পুলিশ সুপার আবদুর রহিম শাহ চৌধুরী ও উপ কমিশনার হাবিবুর রহমান।