গ্রেপ্তারের একদিন পর চট্টগ্রাম কারাগারে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। বুধবার সকালে নুরুল আলম নামের ঐ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
চট্টগ্রাম কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপর প্রথমে তাকে কারাগার হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে অবস্থা আরও খারাপ হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সকাল ৭ টা ৫০ এর দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নুরুল আলম যুবলীগের সাতকানিয়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানিয়েছেন, মঙ্গলবার ৫ই অগাস্টের এক বিস্ফোরক মামলায় সাতকানিয়া থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তারপর তাকে চট্টগ্রাম সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়।
তিনি বলেন, থানায় আনার পর আড়াই ঘণ্টার মধ্যেই কোর্টে পাঠিয়ে দেওয়া হয় নুরুল আলমকে। সেখান থেকে তাকে কারাগারে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার, সৈয়দ শাহ শরীফ জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় কারাগারে আনার পর তাকে আমদানি ওয়ার্ডে রাখা হয়েছিল।
তিনি বলেন, সকাল সোয়া ৬টার দিকে তিনি ওয়ারেন্টের সাথে নতুন আসামিদের নাম ঠিকানা মিলিয়ে দেখছিলেন। তখন নুরুল আলম অস্বস্তির কথা জানান।
জেলারের মতে, নুরুল আলমের শ্বাসকষ্ট হচ্ছিল। তখনই তাকে কারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সৈয়দ শাহ শরীফ বলেন, রাতে তিনি কোনো সমস্যার কথা জানাননি।
একই কথা জানান আরিফুল ইসলাম। কারা কর্তৃপক্ষের বরাত দিয়ে তিনি বলেন, “সকালে চেকিং-এর সময় নুরুল আলম বুকে ব্যাথা ও শাসকষ্টের কথা জানান।”
মঙ্গলবার গ্রেপ্তারের সময় নুরুল আলম সুস্থ ছিলেন বলে দাবি করেন অতিরিক্ত পুলিশ সুপার, আরিফুল ইসলাম। তিনি আলাপকে কয়েকটি ছবি ও ভিডিও পাঠান। ভিডিওতে দেখা যায়, নুরুল আলমকে হাসিমুখে আদালত থেকে প্রিজন ভ্যানে উঠছেন।