বিশ্বরাজনীতির জ্যামিতিক টেবিল

তিন পরাক্রমশালীর বৈঠক: জেলেনস্কির ভয় আর ইউরোপের নিঃসঙ্গতা

তিন পরাশক্তির, তিন পরাক্রমশালী নেতার অপেক্ষায় একটি টেবিল। বাকি বিশ্ব কেবল দর্শক, চাতক পাখির মতো।

কেউ ভাবছেন এই বুঝি ‘ওয়ার্ল্ড অর্ডার’ পাল্টে যেতে শুরু করলো। কেউ ভাবছেন, সমাধান হবে উক্রেইন সংকট। নাকি টেবিলে থাকবে পারমানবিক অস্ত্রের আলোচনা।

বিশ্ব রাজনীতির নানা সমীকরণের তিন প্রধান চরিত্র এখন ডনাল্ড ট্রাম্প, শি জিনপিং আর ভ্লাদিমির পুতিন।

১৮ ও ১৯এ নভেম্বর। চীনের শেনজেনে বসছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (অ্যাপেক)-এর ৩৩তম শীর্ষ সম্মেলন।

শি জিনপিংয়ের সভাপতিত্বে ২১টি দেশের এই মিলনমেলায় বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল অর্থনীতির আলোচনা হবে। কিন্তু এসব ছাপিয়ে আলোচনায় কেন্দ্রে উঠে এসেছে ওই ত্রিপক্ষীয় বৈঠক।

এই সম্মেলনের ফাঁকেই বসবেন ইউএসএ, রাশিয়া ও চীনের প্রেসিডেন্টত্রয়। হোয়াইট হাউস ও ক্রেমলিন আগেই নিশ্চিত করেছে। সোমবার নিশ্চিত করেছে বেইজিংও।

হোয়াইট হাউস বলছে, পারমানবিক অস্ত্রের মজুদ কমানোর জন্যই বৈঠক। তবে ক্রেমলিন আর বেইজিং এখনও বিষয়বস্তু খোলাসা করেনি।

ওইদিকে, জেলেনস্কি এই বৈঠক নিয়ে আছে উদ্বেগে।

যেভাবে শুরু

গত অক্টোবরে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়, উক্রেইনের সাথে যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউএস প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকে বসতে আগ্রহী।

এরপর ট্রাম্প এতে সম্মতি দিলে বৈঠকটির প্রস্তুতি শুরু হয়। এই ঘোষণার পরপরই উক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এই বৈঠকে যদি উক্রেইনের ভবিষ্যৎ নির্ধারণ করা হয়, তবে আলোচনায় তাদেরও সম্পৃক্ত রাখতে হবে।

নভেম্বরে সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আশা প্রকাশ করেন যে, আসন্ন অ্যাপেক সম্মেলনে শি জিনপিং ও পুতিনের সাথে তার বৈঠক হতে যাচ্ছে এবং অতিদ্রুত রাশিয়া-উক্রেইন যুদ্ধেরও অবসান ঘটবে। যদিও ট্রাম্প এই ইঙ্গিতও দিয়েছেন যে, যুদ্ধ বন্ধের এই সমঝোতার মাধ্যমে উক্রেইনের কিছু ভূখণ্ড রাশিয়ার দখলে চলে যেতে পারে।

মার্কিন কর্তাদের বক্তব্য বনাম বাস্তবতার সমীকরণ

মার্কিন কর্মকর্তারা বলছেন, এই বৈঠকের মূল আলোচনার বিষয় রাশিয়া-উক্রেইন যুদ্ধ নয়, বরং পারমাণবিক অস্ত্র। ট্রাম্প বৈশ্বিক পারমাণবিক অস্ত্র ভাণ্ডার কমানোর সম্ভাবনা নিয়ে আলাপ করতে চান।

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ‘নিউ স্টার্ট’ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি মেয়াদোত্তীর্ণ হয়েছে গত ফেব্রুয়ারিতে। তবে এটি নবায়ন করার জন্য রাশিয়ার প্রস্তাব এর আগে ফিরিয়ে দিয়েছিল ট্রাম্প।

চীনকে সংযুক্ত করে নতুন ও আধুনিক চুক্তির পক্ষে ট্রাম্প। ত্রিপক্ষীয় বৈঠকে এই আলাপও উঠতে পারে।

বৈঠকে রাশিয়া-উক্রেইন যুদ্ধ নিয়ে আলোচনার আনুষ্ঠানিক পরিকল্পনা যুক্তরাষ্ট্রের না থাকলেও, বিগত প্রায় পাঁচ বছর ধরে চলা এই যুদ্ধ শেষ করার কূটনৈতিক চেষ্টার মধ্যেই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।

পুতিন নিজেও কিইভকে টেবিলে না রেখে এই যুদ্ধ নিয়ে কথা বলতে আগ্রহী। ওয়াশিংটন বলছে উক্রেইন আলোচ্য বিষয় নয়, কিন্তু মস্কো ঠিক সেটাই আলোচনা করতে চাইবে।

টেবিলের আরেক প্রান্তে বসা বসা বেইজিং এমন এক শক্তি, যাদের তেল কেনার অর্থ রাশিয়ার জন্য বড় অর্থনৈতিক ভরসার জায়গা। বেইজিং নিজেই মস্কোর প্রধান বাণিজ্যিক অংশীদার।

তাই ত্রিপক্ষীয় বৈঠকের মূল আলোচ্য বিষয় শুধু পারমাণবিক চুক্তিতে সীমাবদ্ধ থাকছে না।

কে কী পাবে

আপাতদৃষ্টিতে মনে হতে পারে এই বৈঠক তিন পক্ষের জন্যই আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রাজনীতিতে বিশাল গুরুত্ব বহন করবে। তবে দেখা যাচ্ছে, বেইজিং শুরু থেকেই এই ত্রিপক্ষীয় বৈঠকটি নিয়ে বেশ সতর্ক এবং কিছুটা এড়িয়ে চলতে চাইছে।

তারা অ্যাপেক সম্মেলনকে অর্থনৈতিক নেতৃত্ব, মুক্ত বাণিজ্য ও উদ্ভাবনের প্রদর্শনী হিসেবে তুলে ধরতে বেশি আগ্রহী। দ্য ডিপ্লোমেট-এর এক বিশ্লেষণ বলছে, মস্কো উক্রেইন নিয়ে ইয়াল্টার আদলে একটি চুক্তির প্রত্যাশার আর ওয়াশিংটন পারমাণবিক অস্ত্রকে গুরুত্ব দিলেও, কিইভকে বাদ দিয়ে এমন আলোচনা চীনের নিজস্ব অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতে পারে। এটি বেইজিংয়ের মূল অর্থনৈতিক এজেন্ডাকে ছাপিয়ে অ্যাপেক সম্মেলনকে ম্লান করে দিতে পারে।

বৈঠকের আয়োজক হিসেবে চীন এমন একটি বার্তা দিতে পারে যা ইউরোপকে পাশ কাটাতে সাহায্য করছে, যা তাদের কৌশলগত উদ্বেগ বাড়াবে। তবুও শি জিনপিং পুরোপুরি পিছিয়ে থাকতে পারছেন না।

বরং চীন যদি এই বৈঠকের মাধ্যমে শান্তি ও কূটনীতির দক্ষ চালক বা মধ্যস্থতাকারী হিসেবে নিজেকে তুলে ধরতে পারে, তবে তা বিশ্বমঞ্চে তাদের দীর্ঘমেয়াদী রাজনৈতিক প্রভাব ও আধিপত্য বাড়াতে সবচেয়ে বেশি সাহায্য করবে।

গত মে মাসে ট্রাম্প ও পুতিনের বেইজিং সফর প্রমাণ করেছে যে চীন একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে সক্ষম। শেনজেনের সম্মেলন তারই ‘নেক্সট চ্যাপ্টার’।

ট্রাম্পের দিকটাও বিবেচনা করা দরকার। ওয়াশিংটন পোস্ট-এর ভাষ্যমতে, তিনি এই সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনী পরাজয়ের ধাক্কা সামলাতে। সিনেট ও হাউস, দুই ক্ষেত্রেই ডেমোক্রেটদের কাছে পরাজয় যুক্তরাষ্ট্রে ট্রাম্পের একচ্ছত্র ক্ষমতার ওপর প্রভাব ফেলছে।

মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে সহযোগিতা করে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত শুধু উন্নয়নশীল দেশগুলো নয়, সাধারণ মার্কিনিদের দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলছে।

জ্বালানি তেলের দাম থেকে শুরু করে মানুষের জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ায় ট্রাম্প প্রশাসন সার্বিকভাবে দুর্বল ও কিছুটা অজনপ্রিয় হয়ে উঠেছে। তাই, এই মুহূর্তে চীন বা রাশিয়ার সাথে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে এমন অবস্থানে না থাকাই ট্রাম্পের জন্য শ্রেয়।

এছাড়াও মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সিএনএন জানিয়েছে, হোয়াইট হাউস এই বৈঠকটিকে কোনো নির্দিষ্ট ‘চুক্তির বৈঠক’ হিসেবে উপস্থাপন করতে চায় না। বরং এটিকে ভবিষ্যতের একটি ফলপ্রসূ সমাধানের প্রাথমিক সংলাপ হিসেবে দেখতে চায়।

ট্রাম্পের জন্য বিদেশে এই ত্রিপক্ষীয় বৈঠকটি তার রাজনৈতিক ভাবমূর্তি পুনরুদ্ধারের বড় সুযোগ।

সার্বিক বিশ্লেষণে এই ত্রিপক্ষীয় বৈঠক থেকে সবচেয়ে বেশি লাভবান হতে চলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোর জন্য এই বৈঠক হতে পারে আন্তর্জাতিক বিচ্ছিন্নতার অবসান ঘটিয়ে তার মহাশক্তির মর্যাদা ফিরে পাওয়ার পথ।

যদিও মার্কিনিরা বলছেন রাশিয়া-উক্রেইন যুদ্ধ এই বৈঠকের আলোচ্য বিষয় নয়। তবে এটা স্পষ্ট যে মস্কোর মূল উদ্দেশ্য ইউরোপকে পাশ কাটিয়ে নিজের শক্তিশালী অবস্থান বিশ্বকে জানান দেওয়া।

উক্রেইনের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী অন্দ্রি সিবিহা সতর্ক করে বলেছেন, রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের নেতাদের মধ্যকার এই ত্রিপক্ষীয় বৈঠক পুতিনকে যুদ্ধ চালিয়ে যেতে আরও উৎসাহিত করবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সামরিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত রাশিয়া উক্রেইনের মোট ভূখণ্ডের প্রায় ১৯ থেকে ২০ শতাংশ (প্রায় ৪৫,২২৭ বর্গমাইল বা ১,১৭,০০০ বর্গকিলোমিটারের বেশি) দখল করে রেখেছে।

উক্রেইন ও ইউরোপকে বাদ দিয়ে আয়োজিত এই বৈঠকে পুতিন সর্বোচ্চ চেষ্টা করবেন ফলাফল নিজের অনুকূলে রাখতে, যা তার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনীতিতে বড় সাফল্য হিসেবে বিবেচিত হবে।

অন্যদিকে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে ২০২৬ সালের অক্টোবরেই রাশিয়ার নির্দিষ্ট কিছু জ্বালানি ক্রয়ে সাময়িক ছাড় দিয়েছে এবং নতুন শুল্ক স্থগিত করেছে ওয়াশিংটন।

এই সিদ্ধান্ত একদিকে যেমন ট্রাম্প প্রশাসনকে তার ইউরোপিয়ান মিত্র ও অভ্যন্তরীণ বিরোধীদের তীব্র সমালোচনার মুখে ফেলছে, অন্যদিকে পুতিনের ঝুড়িতে এনে দিয়েছে এক বড় রাজনৈতিক অর্জন।

ইয়াল্টার ছায়া এবং ইউরোপের নিঃসঙ্গতা

ট্রাম্প, পুতিন ও শি-র এই ত্রিপক্ষীয় বৈঠকের সাথে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের তুলনা টানছেন অনেক বিশ্লেষক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার আগেই রুজভেল্ট, স্টালিন ও চার্চিল বসেছিলেন পরাজিত জার্মানির ভবিষ্যৎ, পোল্যান্ডের সীমানা নির্ধারণ ও জাতিসংঘ গঠনের কাঠামো নিয়ে।

যুদ্ধপরবর্তী ইউরোপ ভাগ করার সেই রূপরেখা পটসডামে গিয়ে বাস্তবায়িত হয়েছিল। ইয়াল্টার সেই বৈঠক ছিল বড় শক্তিগুলোর রুদ্ধদ্বার আলাপের সূচনা, যেখান থেকে নির্ধারিত হয়েছিল বিশ্বমঞ্চের চালচিত্র।

তবে শেনজেনের এই বৈঠকে ঠিক কী পরিণতি অপেক্ষা করছে বলা মুশকিল। ২০২৬ সালে তাদের মধ্যে কোনো অভিন্ন শত্রু নেই। বরং সম্পর্কটা এখন তীব্র প্রতিযোগিতা আর পারস্পরিক নির্ভরতার এক অদ্ভুত জট। শেনজেনের টেবিলে আসলে কী আলোচনা হবে, সব পক্ষই তা এখনো কৌশলে গোপন রেখেছে।

এখানে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ অনুপস্থিতি হলো ইউরোপ। উক্রেইনের যুদ্ধ সংঘটিত হচ্ছে ইউরোপের মাটিতে। অথচ ইউরোপের নিরাপত্তা, শরণার্থী ব্যবস্থাপনা ও জ্বালানি বাজার এই সংকটের সরাসরি ভুক্তভোগী হওয়া সত্ত্বেও এই টেবিলে ইউরোপের কোনো প্রতিনিধি নেই।

এর মাধ্যমে ইউরোপের সামনে এক নির্মম সত্য উন্মোচিত হয়েছে। বছরের পর বছর মার্কিন নিরাপত্তার ওপর অতিরিক্ত নির্ভরতা তাদের নিজস্ব ও শক্তিশালী একটি সাধারণ প্রতিরক্ষা নীতি গড়ে তুলতে বাধা হয়ে দাঁড়িয়েছে। একইভাবে তারা অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রেও চীনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

এসব সংকট থেকে উত্তরণের জন্য ইউরোপ দীর্ঘদিন ধরে ‘কৌশলগত স্বাধীনতা’ বা ‘স্ট্র্যাটেজিক অটোনমি’র কথা বলে আসছে, কিন্তু তা অর্জনের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক ঐক্য ও সক্ষমতা তারা গড়ে তুলতে পারেনি।

বিশ্ব এই বৈঠকটিকে এক চোখে দেখছে না। ওয়াশিংটন দেখছে সুযোগ, মস্কো দেখছে মর্যাদা পুনরুদ্ধারের পথ, বেইজিং দেখছে ঝুঁকি ও প্রভাবের বিবেচনায়। বৈঠকের নন অ্যাক্টর কিইভ দেখছে চরম আশঙ্কা, আর ইউরোপ দেখছে নিজেদের করুণ প্রান্তিকীকরণ।

তবু একটা জায়গায় সবাই একমত, মহাশক্তিগুলো আবারও এমন একটি টেবিলে বসছে, যা বিশ্ব রাজনীতির ভারসাম্য বদলে দিতে পারে। ইয়াল্টা আমাদের শিখিয়েছে, টেবিলে যাদের আসন থাকে না, ইতিহাস প্রায়শই তাদের ভাগ্য নির্ধারণ করে দেয়। যেমনটা অতীতে পোল্যান্ডকে দিতে হয়েছিল।