ক্যালিফোর্নিয়ার ভোট বাতিলে ট্রাম্পের চেষ্টা ব্যর্থ, আবেদন খারিজ সুপ্রিম কোর্টের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ক্যালিফোর্নিয়ার হাজারো ভোট বাতিল করতে চেয়েছিলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে তার সেই চেষ্টা আটকে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

সোমবার ট্রাম্প প্রশাসনের করা আবেদন খারিজ করে দেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। আবেদন জমা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই সিদ্ধান্ত আসে।

ট্রাম্প প্রশাসনের দাবি, ক্যালিফোর্নিয়ায় ২০ হাজারের বেশি মানুষ ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, যারা সম্ভবত যুক্তরাষ্ট্রের নাগরিক নন। তাই তাদের দেওয়া ভোটের ব্যালট আলাদা করে রাখতে হবে। অভিযোগ যাচাই না হওয়া পর্যন্ত এসব ভোট গণনা না করার আবেদন জানিয়েছিল ট্রাম্প প্রশাসন।

তবে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ বলছে, এসব অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ নেই। শুধু সন্দেহের ভিত্তিতে ভোট আটকে রাখলে বৈধ ভোটারদের ভোটাধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে।

এর আগে নিম্ন আদালতেও ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ হয়েছিল। শুক্রবার আপিল আদালতও জানায়, অঙ্গরাজ্য কীভাবে নির্বাচন পরিচালনা করবে, সে বিষয়ে কেন্দ্রীয় সরকার নির্দেশ দিতে পারে না।

সুপ্রিম কোর্ট তাদের সিদ্ধান্তের বিস্তারিত ব্যাখ্যা দেয়নি। এক বাক্যের আদেশেই আবেদন খারিজ করা হয়েছে। কোনো বিচারপতিও এই সিদ্ধান্তের বিরোধিতা করেননি।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, নিম্ন আদালতে বারবার হেরে যাওয়ার পর এবার সুপ্রিম কোর্টেও ট্রাম্প প্রশাসনের চেষ্টা ব্যর্থ হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে দেশজুড়ে কয়েক কোটি মানুষ আগাম ভোট দিয়েছেন। এমন সময়ে ভোটারদের ব্যালট আটকে দেওয়ার এই চেষ্টা এবং সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত নির্বাচনি প্রক্রিয়ায় নতুন করে গুরুত্ব পাচ্ছে।