মাত্র চার দিনের ব্যবধানে আবারও ট্রিলিয়নিয়ারের পরিচয় হারিয়েছেন ইলন মাস্ক। ১৩ই অক্টোবর তার মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের শেয়ারের দাম ৩ শতাংশের বেশি কমে যায়। ফলে তার সম্পদের পরিমাণ কমে প্রায় তিন হাজার ৬৩০ কোটি ডলারে এসে দাঁড়িয়েছে।
ফোর্বস ম্যাগাজিনের প্রকাশিত তথ্য অনুযায়ী, মঙ্গলবারের শেয়ারবাজারে দরপতনের পর মাস্কের সম্পদ এক লাখ কোটি ডলারের নিচে নেমে আসে। বুধবার পর্যন্ত তার মোট সম্পদের পরিমাণ ছিল ৯৭ হাজার ৪০ কোটি ডলার।
ইলন মাস্কের সম্পদের বড় অংশ স্পেসএক্স ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলায় থাকা শেয়ারের ওপর নির্ভরশীল। স্পেসএক্সে তার মালিকানা রয়েছে ৩৮ শতাংশ এবং টেসলায় প্রায় ১১ শতাংশ।
৮ই অক্টোবর টেসলা ও স্পেসএক্সের শেয়ারের দাম বাড়ায় ট্রিলিয়নিয়ারের মর্যাদা ফিরে পান মাস্ক। তবে ১৩ই অক্টোবর দরপতনের পর সেটি আর থাকেনি। চলতি বছরের জুনে স্পেসএক্সের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) পর প্রথম ট্রিলিয়নিয়ার হয়েছিলেন মাস্ক। তবে সেটিও খুব বেশি সময় স্থায়ী হয়নি। কাজেই ট্রিলিয়নিয়ার হওয়া, আবার সেখান থেকে পতন নতুন কিছু নয় মাস্কের জন্য।
একই দিনে এশিয়া ও যুক্তরাষ্ট্রের বাজারে প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারের দামও কমেছে। দক্ষিণ কোরিয়ার স্যামসাং ও এসকে হাইনিক্স, তাইওয়ানের টিএসএমসি এবং যুক্তরাষ্ট্রের এনভিডিয়া, ব্রডকম ও ইন্টেলের শেয়ারেও দরপতন দেখা যায়।