সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর ১৭ই অক্টোবর পর্যন্ত বন্ধ থাকছে বলে নিশ্চিত করেছে সৌদি কর্তপক্ষ।
রয়টার্স বলছে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার পর ফ্লাইট চলাচল বাতিল করেছে বিভিন্ন এয়ারলাইনস। রাজধানীর আকাশপথে বিমান চলাচলও প্রায় বন্ধ।
সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বিমানবন্দরের অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে তারা কাজ করছে। এজন্যই কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরের পর কিং খালিদ দেশটির দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর।
সোমবার গভীর রাতে হুথিরা দাবি করেছে, তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বিমানবন্দরটিতে হামলা চালিয়েছে। এর কিছুক্ষণ আগে সৌদি আরব জানায়, রিয়াদ লক্ষ্য করে ছোড়া হুথিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।
হুথিদের দাবি, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খামিস মুশাইত এলাকায় একটি বিমানঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে সৌদি আরব তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি।
সোমবার জারি করা বিমান চলাচলসংক্রান্ত নোটিশ অনুযায়ী, ১৭ই অক্টোবর স্থানীয় সময় রাত ৯টা পর্যন্ত কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকবে।
শনিবারের হামলার পর থেকেই বিমানবন্দরটি বন্ধ আছে। ওই হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন। এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি আরবে এটিই ছিলো সবচেয়ে প্রাণঘাতী হামলা। রবিবারের আরেক হামলায় একজন নিহত হন। আহত হন প্রায় এক ডজন মানুষ।
বিমান চলাচলের নিরাপত্তা পরামর্শদাতা প্রতিষ্ঠান ওপিএসগ্রুপের প্রতিষ্ঠাতা মার্ক জি রয়টার্সকে বলেন, বেসামরিক বিমান চলাচলে এ ধরনের ধারাবাহিক হামলার নজির নেই।
তিনি আরও বলেন, বর্তমান ঝুঁকির পরিস্থিতি নতুন করে মূল্যায়ন করা প্রয়োজন। এ বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে।
বিমান চলাচল বিশ্লেষক প্রতিষ্ঠান সিরিয়ামের তথ্য অনুযায়ী, সৌদি আরবের সব বিমানবন্দর মিলিয়ে বাতিল হওয়া ফ্লাইটের হার ৪৬ দশমিক ৪ শতাংশে পৌঁছে গেছে।