যন্তর মন্তরে আটক সিজেপির দুই নেতা

ভারতের দিল্লিতে যন্তর মন্তরে প্রবেশের পর ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার এ ঘটনা ঘটে।

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, দলের আরও কয়েকজন সদস্যকেও আটক করা হয়েছে। তাদের মধ্যে অজিঙ্কা শিন্ডেও আছেন।

দীপকে পোস্টে বলেন, ‘ত্রিবর্ণ পতাকা হাতে ককরোচরা আজ ভোরে যন্তর মন্তরে ঢুকে পড়েছিল। পরে দিল্লি পুলিশ তাদের আটক করে।’

তিনি উল্লেখ করেন, ‘প্রতিরোধকে নিষিদ্ধ ঘোষণা করা যায় না।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যাগ করে তিনি আরও লেখেন, ‘আপনারা প্রতিরোধকে নিষিদ্ধ ঘোষণা করতে পারবেন না।’

দীপকে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিও-তে দেখা যায়, সিজেপির সদস্যরা একটি ফটক টপকে যন্তর মন্তরে প্রবেশ করছেন।

ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ ঘিরে নয়াদিল্লিতে মঙ্গলবারও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লির বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।