সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে আরামকোর একটি তেল স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ৩রা অক্টোবর ওই স্থাপনার কাছ থেকে আগুন ও কালো ধোঁয়া উঠতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীর বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ।
হুথিদের দাবি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়েছে। ইয়েমেনের রাজধানী সানা ও অন্যান্য এলাকায় সৌদি আরবের হামলার জবাব হিসাবে তারা এই আক্রমণ চালিয়েছে।
হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেন, হামলার পর লক্ষ্যবস্তু করা স্থাপনাগুলোতে আগুন ধরে যায়। গত ২৪ ঘণ্টায় ইয়েমেনে হুথিদের নিয়ন্ত্রিত এলাকায় প্রায় ৬০টি সৌদি বিমান হামলা চালিয়েছে বলেও দাবি করেন তিনি।
এর আগে গত সপ্তাহে সৌদি আরবের ইয়ানবুতে আরামকোর কয়েকটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছিল হুথিরা।
ওমানের উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজেও অজ্ঞাত কোনো বস্তুর আঘাত লাগার খবর পাওয়া গেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেইড অপারেশনস বা ইউকেএমটিও জানিয়েছে, এতে জাহাজের সব নাবিক নিরাপদ আছেন। পরিবেশেরও কোনো ক্ষতি হয়নি।
এর এক দিন আগে একই এলাকায় আরেকটি তেলবাহী জাহাজে আঘাতের পর আগুন লেগেছিল। পরে সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।