ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা

চলমান যুদ্ধবিরতির মধ্যেই হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলাকে কেন্দ্র করে ইরানের একাধিক সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন সংরক্ষণাগার ও উপকূলীয় রাডার স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

শুক্রবার সেন্টকমের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনাগুলোতে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে মার্কিন যুদ্ধবিমান।

সেন্টকম দাবি করেছে প্রথমে হামলা করেছে ইরান। ২৫এ জুন ওমান উপকূল ঘেঁষে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় সিঙ্গাপুরের পতাকাবাহী কার্গো জাহাজ এমভি এভার লাভলি-তে একমুখী (ওয়ান-ওয়ে) আক্রমণকারী ড্রোন দিয়ে হামলা চালায় দেশটি।

আন্তর্জাতিক বাণিজ্যিক নৌযান চলাচলের ওপর হওয়া এ হামলাকে ‘অযৌক্তিক আগ্রাসন’ হিসেবে উল্লেখ করেছে সেন্টকম।

এ হামলা যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন এবং একই সঙ্গে হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতাকেও হুমকির মুখে ফেলেছে বলেও দাবি করা হয়েছে। 

সেন্টকম আরও জানায়, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সমন্বয় ও নিরাপত্তা সহায়তা অব্যাহত রেখেছে।

ইরানের সঙ্গে হওয়া সমঝোতার সব শর্ত কার্যকরভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, তা নিশ্চিত করতে মার্কিন সামরিক বাহিনী ওই অঞ্চলে সতর্ক অবস্থানে রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।