ক্রাইমিয়ায় তেল ডিপোতে হামলা, জ্বালানি বিক্রি বন্ধ

উক্রেইনের ধারাবাহিক ড্রোন ও সামরিক হামলার পর রাশিয়া-নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় সাধারণ মানুষের কাছে জ্বালানি বিক্রি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শুধু সরকারি সংস্থা ও জরুরি সেবার জন্য জ্বালানি সরবরাহ করা হবে।

ক্রাইমিয়ার গভর্নর সের্গেই আকসিওনভ বলেন, নিরাপত্তা ও প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে সরবরাহ সংকটের কারণে অঞ্চলটিতে আংশিক রেশনিং চালু ছিল, তবে এখন সাধারণ মানুষের জন্য জ্বালানি বিক্রি পুরোপুরি বন্ধ করা হলো।

এ দিকে কের্চ শহরের একটি তেল ডিপোতে ইউক্রেনীয় ড্রোন হামলায় চারজন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন বলে দাবি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে রাশিয়ার আগ্রাসনের ‘ন্যায্য জবাব’ বলে অভিহিত করেছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, রাতভর ইউক্রেনের ২৩৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় ক্রাইমিয়া ও আশপাশের অঞ্চলে জ্বালানি সরবরাহ ও পরিবহন ব্যবস্থায় বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে, যা চলমান যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।