বিশ্বের ৩০টিরও বেশি দেশে যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত ১২০টিরও বেশি বায়োল্যাবের অস্তিত্ব ও কার্যক্রম সম্পর্কিত নতুন তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স (ওডিএনআই)।
বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদ বিবৃতিতে সংস্থাটি জানায়, দীর্ঘদিন ধরে পরিচালিত এসব গবেষণাগারের অনেকগুলোতে বিপজ্জনক ও উচ্চ সংক্রামক রোগজীবাণু নিয়ে গবেষণা হয়েছে। কিছু ক্ষেত্রে বিতর্কিত ‘গেইন-অব-ফাংশন’ গবেষণাও পরিচালিত হয়েছে বলে দাবি করা হয়েছে।
ওডিএনআই-এর প্রকাশিত তথ্যমতে, ইউক্রেনসহ বিভিন্ন দেশে অবস্থিত এসব গবেষণাগারের মধ্যে কয়েকটি চলমান সংঘাত ও নিরাপত্তা ঝুঁকির কারণে বিশেষভাবে উদ্বেগের কারণ হয়ে উঠেছে। সংস্থাটি উল্লেখ করে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় ইউক্রেনে যুক্তরাষ্ট্র-অর্থায়িত একটি গবেষণাগারে বিপজ্জনক রোগজীবাণু থাকার আশঙ্কা নিয়ে পূর্বেও সতর্কতা জারি করা হয়েছিল।
ন্যাশনাল ইন্টেলিজেন্স (ডিএনআই) এর ডিরেক্টর তুলসি গ্যাবার্ডের মতে, এসব গবেষণাগারের অবস্থান, কার্যক্রম ও অর্থায়ন সম্পর্কে দীর্ঘদিন জনগণের কাছে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি। তার দাবি, এ বিষয়ে প্রশ্ন তোলা ব্যক্তিদের অনেক সময় ভুল তথ্য ছড়ানোর অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
গ্যাবার্ড আরও বলেন, বিদেশে পরিচালিত গবেষণাগারগুলোতে কী ধরনের গবেষণা চলছে এবং সেখানে কী ধরনের রোগজীবাণু সংরক্ষিত রয়েছে, সে বিষয়ে আরও তথ্য সংগ্রহে গোয়েন্দা সংস্থাগুলোকে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।
গোয়েন্দা সংস্থাটির ভাষ্যমতে, এই অনুসন্ধানের ফলে বিভিন্ন গবেষণাগারে চলমান ক্লিনিক্যাল ট্রায়াল ও জনস্বাস্থ্য কর্মসূচি সম্পর্কেও নতুন তথ্য পাওয়া যাচ্ছে, যা নৈতিকতা, অর্থায়ন ও নিরাপত্তা বিষয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।
সংস্থাটি স্মরণ করিয়ে দেয় যে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ২০২৫ সালে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে বিশ্বব্যাপী গেইন-অব-ফাংশন গবেষণায় যুক্তরাষ্ট্রের ফেডারেল অর্থায়ন বন্ধের নির্দেশ দিয়েছিলেন।
তবে ওডিএনআই -এর প্রকাশিত তথ্য ও দাবিগুলোর বিষয়ে স্বাধীন বৈজ্ঞানিক সংস্থা বা সংশ্লিষ্ট আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে, আগামী ৩০ জুন থেকে কার্যকর হওয়ার জন্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স (ডিএনআই) পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন তুলসি গ্যাবার্ড। তার স্বামী আব্রাহামের বিরল ধরনের বোন ক্যানসার ধরা পড়ায় পরিবারের পাশে সময় দিতে তার উপর অর্পিত দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।