দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও নিকটবর্তী এলাকায় লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি আরও শক্তিশালী হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী পাঁচদিন দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে আকাশ কিছুটা মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। একইসঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা একই থাকার কথা বলা হয়েছে।
১৩ই নভেম্বর থেকে ১৭ই নভেম্বর পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। এদিনও রাত ও দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
১৫ই নভেম্বর থেকে ১৭ই নভেম্বর পর্যন্ত একই ধরনের আবহাওয়ার কথা জানিয়েছে অধিদপ্তর। এ তিন দিনও সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রা প্রায় একই থাকার সম্ভাবনার কথাও জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকায় শুক্রবার সকাল ৬টায় বাতাসের সঙ্গে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৮৩ শতাংশ। এ সময় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল।
অন্যদিকে, আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও টানা পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।