স্কুলে ভর্তির জন্য পরীক্ষার পরিবর্তে লটারি পদ্ধতি বহালের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রবিবার এ আদেশ দেন।
তাই প্রথম শ্রেণিতে ভর্তির জন্য লটারি পদ্ধতিই বহাল থাকছে। দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে পরীক্ষার ভিত্তিতে ভর্তি নেওয়ার সিদ্ধান্ত বহাল থাকছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।
গত ১৬ই মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সারা দেশে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে ভর্তিতে লটারির মাধ্যমে ভর্তিপ্রক্রিয়া বাতিলের কথা জানায়।
পরে জানানো হয়, দ্বিতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য পরীক্ষা নেওয়া হবে। শুধু প্রথম শ্রেণিতে থাকবে লটারিতে ভর্তি নেওয়া হবে।
লটারি পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নিয়ে মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্ন্যান্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ রিট আবেদন করেন।
গত ১৪ই অক্টোবর অবকাশকালীন বেঞ্চ রিটটি কার্যতালিকা থেকে বাদ দেয়। পরে রবিবার রিটটি হাইকোর্টের নিয়মিত বেঞ্চে শুনানি হয়।
আইনজীবী জাহিদুর রহমান তালুকদার সাংবাদিকদের জানান, সরকারের নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে হস্তক্ষেপ করবেন না জানিয়ে আদালত রিটটি খারিজ করে দিয়েছেন।
এর আগে করোনাভাইরাসের সংক্রমণের কারণে ২০২১ শিক্ষাবর্ষে সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। এর পর থেকে ওই পদ্ধতিই বহাল ছিল।
নতুন নীতিমালা অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে ডিজিটাল লটারির মাধ্যমে। আর দ্বিতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে।