বেসরকারি স্কুলে ভর্তির বয়স নিয়ে নতুন সিদ্ধান্ত

বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজের ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন এই নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের ন্যূনতম বয়স এক বছর বাড়িয়ে ছয় বছর ঠিক করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি নীতিমালা ২০২৭’এ নতুন এই নিয়মের কথা জানানো হয়।

নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে শিক্ষার্থীর বয়স ১লা জানুয়ারি তারিখে ছয় বছর বা তার বেশি হতে হবে। তবে কোনোভাবেই সাত বছরের বেশি হতে পারবে না। ১লা জানুয়ারি ২০২০ থেকে ৩১এ ডিসেম্বর ২০২০ এর মধ্যে জন্ম যাদের, কেবল তারাই পাবে প্রথম শ্রেণীতে ভর্তির সুযোগ।

বয়স প্রমাণ করতে ভর্তি ফরমের সাথে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বয়স নির্ধারণে সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত শিথিলতার সুবিধা রাখা হয়েছে। 

প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা হবে না। শিক্ষার্থী নির্বাচন করা হবে লটারির মাধ্যমে। লটারিতে নির্বাচিতদের পাশাপাশি অপেক্ষমাণ তালিকাও থাকবে। নির্ধারিত সময়ে মূল তালিকা থেকে ভর্তি সম্পন্ন না হলে অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী নেওয়া হবে।

দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হবে। এছাড়া অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের মধ্য থেকেই কেবল নবম শ্রেণিতে ভর্তির সুযোগ থাকবে।

দ্বিতীয় থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষা হবে ৫০ নাম্বারে। এর মধ্যে বাংলা ১৫ নম্বর, ইংরেজি ১৫ নম্বর এবং ২০ নম্বর গণিতের প্রশ্ন থাকবে। উত্তরের জন্য সময় থাকবে ১ ঘণ্টা। 

নতুন নীতিমালা অনুযায়ী, অনলাইনে প্রথম শ্রেণির ভর্তির আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির আবেদন ফরমের জন্য সর্বোচ্চ ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, সেশন চার্জসহ অন্যান্য ভর্তি ফি শিক্ষা মন্ত্রণালয়ের আগের নির্দেশনা অনুযায়ী নেওয়া হবে।

প্রতিষ্ঠানপ্রধানেরা নিজ নিজ প্রতিষ্ঠানের শূন্য আসনসংখ্যা উল্লেখ করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ও প্রচার করবেন। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকেও জাতীয় বা স্থানীয় পত্রিকা এবং ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে প্রচারের ব্যবস্থা নেওয়া হবে।