শেখ হাসিনার জন্য পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কাছে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদন করেছেন এমন খবর বের হওয়ার পর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির বলেছেন, “বাংলাদেশ কোন সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না”।

তাকে ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফিরিয়ে নেয়ার প্রতিশ্রুতিও তিনি পুনর্ব্যক্ত করেন।

সোমবার সকালে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক খবরে শেখ হাসিনার এই আবেদন করবার বিষয়টি প্রকাশ্যে আসে।

২০২৪ সালের ৫ই অগাস্ট গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ঢাকা ছেড়ে ভারতের নয়াদিল্লি চলে যান শেখ হাসিনা। 

তারপর থেকে নয়াদিল্লিতে রয়েছেন শেখ হাসিনা। তিনি ভারতে ঠিক কী স্ট্যাটাসে আছেন ভারত সেটা কখনো স্পষ্ট করেনি। তবে তিনি ‘রাজনৈতিক আশ্রয়ে’ নেই, সেটা ভারত সুস্পষ্টভাবে জানিয়েছে। 

পরে প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করে দেয়। 

কিছুদিন আগে ভারতে অবস্থানরত শেখ হাসিনা ঘোষণা দেন, তিনি ডিসেম্বরে বাংলাদেশে আসবেন। 

তিনি বিভিন্ন অনলাইন অনুষ্ঠানে এবং পডকাস্টে অডিও কলের মাধ্যমে যোগ দিয়ে কয়েকবারই ঘোষণা দিয়েছেন, তিনি ‘ডিসেম্বরেই’ বাংলাদেশে আসবেন।

দুই বছরেরও বেশি সময় দিল্লিতে নির্বাসনে থাকা শেখ হাসিনাকে একবারও প্রকাশ্যে দেখা যায়নি। তবে তিনি অনেক অনুষ্ঠানে অডিও কলের মাধ্যমে সরাসরি যোগ দিয়েছেন এবং এগুলো সোশ্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচারিত হয়েছে।

ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার দুই বছর পূর্তিতে দিল্লিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে অডিও কলের মাধ্যমে যোগ দিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নেরও জবাব দিতে দেখা গিয়েছিল সোশ্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচারিত ভিডিওতে।

সেই অনুষ্ঠানেও দেশে ফেরার পরিকল্পনা পুনর্ব্যক্ত করেছিলেন শেখ হাসিনা। 

তবে তিনি দেশে আসার দিন তারিখ ঘোষণা করেন আরো পরে।

রয়টার্স বলছে, ২০২৪ এর অগাস্টের পর এ ধরণের ‘যোগাযোগ’ এটাই প্রথম শেখ হাসিনার। 

লন্ডনের আইনি প্রতিষ্ঠানের চিঠি

রয়টার্স তাদের সংবাদ প্রতিবেদনে লিখেছে, সোমবারই নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে দিল্লির বাংলাদেশ হাইকমিশন বরাবর অনুরোধ জানিয়েছেন শেখ হাসিনা যাতে তিনি ‘ভারতে স্বেচ্ছানির্বাসন’ থেকে দেশে ফিরতে পারেন।

রয়টার্স লিখেছে, হাইকমিশন বরাবর পাঠানো এই চিঠিটি দেখেছে সংবাদ সংস্থাটি। রয়টার্স আরো বলছে, ২০২৪ এর অগাস্টের পর এ ধরণের ‘যোগাযোগ’ এটাই প্রথম শেখ হাসিনার। 

রয়টার্স আরো লিখছে, এই অনুরোধটি শেখ হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনার একটি ‘সুস্পষ্ট’ পদক্ষেপ।

অসমর্থিত একটি সূত্র থেকে পাওয়া চিঠিটির একটি কপি আলাপও দেখেছে। 

এতে দেখা যাচ্ছে, শেখ হাসিনা নন, ম্যাট্রিক্স চেম্বার নামে একটি ব্রিটিশ আইনি প্রতিষ্ঠান চিঠিটির প্রেরক।

প্রতিষ্ঠানটির অবস্থান লন্ডনের চ্যানসেরি লেইনে।

দুপুরে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুকে জানানো হয়, ম্যাট্রিক্স চেম্বারের আইনজীবীরা শেখ হাসিনার পক্ষে এই আবেদনটি পাঠিয়েছেন।

সরকারের প্রতিক্রিয়া

শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক অঙ্গণে আলোচনা, সমালোচনা ও বিতর্ক চলছে।

পাসপোর্ট ও এনআইডি চেয়ে শেখ হাসিনার পক্ষ থেকে পাঠানো এই আবেদনটিকে ‘রাজনৈতিক স্টান্টবাজি’ বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

তিনি বলেন, “শেখ হাসিনা এখন যেটা করেতেছে সেটা স্টান্টবাজি”।

বাংলাদেশের কর্তৃপক্ষ আগেই ঘোষণা দিয়েছে, তাকে বাংলাদেশে ফেরার জন্য দেশটি কোন ধরণের কোন ট্রাভেল ডকুমেন্ট দেয়া হবে না।

পাসপোর্ট চেয়ে শেখ হাসিনার আবদনের প্রতিক্রিয়া জানাতে আগের সেই সিদ্ধান্তই পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।

তিনি বলেন, “বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না”।

ট্রাভেল ডকুমেন্টের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে অনীহা জানালেও ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাকে দেশে আনতে আগ্রহী তারেক রহমানের সরকার।

এ নিয়ে দিল্লিকে আনুষ্ঠানিক অনুরোধও জানিয়েছে ঢাকা। 

দিল্লি এই অনুরোধের প্রেক্ষাপটে বারবারই বলেছে যে তারা এই অনুরোধ পরীক্ষা করে দেখছে।

বন্দি বিনিময় চুক্তির অধীনে শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যাপারে এটুকুর বেশি অগ্রগতি কখনো প্রকাশ্যে আসেনি।

তবে এখনো তাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে দেশে ফেরাতে আগ্রহী সরকার, যেটা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সোমবারের বক্তব্যে আছে।

এদিন তিনি বলেছেন, “সেতো টেররিস্ট, তাকে হ্যান্ডওভার চাচ্ছি। এখানেতো আসবে না বেড়াইতে নানার বাড়ি। তারেতো ওখান থেকে নিয়ে প্লেনে তুলে, সারভাইলেন্সের মাধ্যমে আসবে, হ্যান্ডওভার করবে, সেন্ট্রাল জেলে যাবে। এবং কার্যকর হবে সেন্টেন্স”।

গত রবিবার আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে আইনি সব পদক্ষেপ নেওয়া হবে।

উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন

এদিকে শেখ হাসিনা ফিরে আসার ইচ্ছা পোষণ করার পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গণ উত্তপ্ত হয়ে আছে। 

বেশ কয়েকদিন ধরেই ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ককটেল ও পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটছে।

রবিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও যানবাহন লক্ষ্য করে ককটেল হামলার ঘটনা ঘটেছে। 

এসব ঘটনার জন্য তারেক রহমানের নেত্বাধীন বিএনপি সরকার ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ’কে প্রথম থেকেই দায়ি করে আসছে।

আওয়ামী লীগের ছাত্র সংগঠন আগামীকাল মঙ্গলবার একটি হরতাল পালনের আহ্বানও জানিয়েছে। 

এসব আহ্বান জানানো হচ্ছে মূলত অনলাইনে।