সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে ৩ হাজার ৯০২টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে এ পরীক্ষা। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫১ হাজার ৪২৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
পরীক্ষার প্রথম দিন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র এবং সহজ বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কুরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হয়।
পরীক্ষার্থীদের মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২১ হাজার ১১৮ জন ছাত্রী ।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের রুটিন অনুযায়ী, পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত।
প্রশ্নফাঁসমুক্ত ও স্বচ্ছ পরীক্ষা নিশ্চিত করতে এবার নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। প্রথমবারের মতো সব কেন্দ্রে সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র পরিবহনে ডিজিটাল ট্র্যাকিং ব্যবহার করা হবে। এ ছাড়া যান চলাচলের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে ডিএমপি।
সূত্র: বাসস