অ্যাপলের প্রধান নির্বাহী (সিইও) পদ থেকে সরে যাচ্ছেন টিম কুক। পহেলা সেপ্টেম্বর থেকে এক্সিকিউটিভ চেয়ারম্যান’ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।সোমবার নতুন সিইও ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। সিইও পদে নিয়োগ পেয়েছেন জন টার্নাস।
জন টার্নাস ২০০১ সাল থেকে অ্যাপলের সাথে আছেন। সম্প্রতি অ্যাপলের ‘আইফোন এয়ার’ উন্মোচন করে আলোচনায় এসেছিলেন তিনি।
গত ২৫ বছরে কোম্পানির অনেক পণ্য ডিজাইন এবং মূল হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন ৫০ বছর বয়সী টার্নাস। ম্যাক, আইপ্যাড এবং এয়ারপডসের মতো পণ্যগুলোর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। অ্যাপলে যোগ দেওয়ার আগে টার্নাস ভার্চুয়াল রিসার্চ সিস্টেমে কাজ করেছিলেন। সেপ্টেম্বরের শুরু থেকেই তিনি প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করবেন।
১৯৯৮ সালে অ্যাপলে যোগ দেওয়ার পর ১৩ বছরের মাথায় ২০১১ সালে কোম্পানির সিইও হয়েছিলেন টিম কুক। সিইও থাকা অবস্থায় অ্যাপলের বাজারমূল্য বেড়েছে ৩.৬ ট্রিলিয়ন ডলার।