যুক্তরাষ্ট্রে বাবার গুলিতেই প্রাণ গেল সাত শিশুর। এ ছাড়া আরও এক শিশুকেও গুলি করে হত্যা করেছেন ওই ব্যক্তি। রবিবার দেশটির লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রিভপোর্ট এলাকায় এই ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
শ্রিভপোর্ট পুলিশ বিভাগের মুখপাত্র ক্রিস বোরডন জানান, স্থানীয় সময় ভোর ৫টার দিকে গুলি করতে শুরু করে শামার এলকিন্স নামে ওই ব্যক্তি। প্রথমে রাস্তায় একজন নারীকে গুলি করেন তিনি। এরপর পার্শ্ববর্তী তিনটি বাসায় হামলা চালায়।
পুলিশ জানিয়েছে, নিহতদের সবার বয়স ১ থেকে ১৪ বছর। দুইজন প্রাপ্তবয়স্ক আহত হয়েছেন। যার মধ্যে একজন ছিলেন ওই সাত শিশুর মা।
পুলিশের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, হামলার পর একটি গাড়ি ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বন্দুকধারী। পরে পুলিশ তাকে ধাওয়া করে হত্যা করে।
তবে কী কারণে এই সহিংসতা শুরু হয়েছিল সে সম্পর্কে কিছু জানায়নি পুলিশ। ক্রিস বোরডন বলেন, “এখনো অনেক কিছু তদন্ত বাকি, তবে গোয়েন্দারা নিশ্চিত যে ঘটনাটি “সম্পূর্ণরূপে একটি পারিবারিক সহিংসতার ঘটনা”।
এর আগে ২০১৯ সালে একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়েছিল শামার এলকিন্স। তবে তার পারিবারিক সহিংসতার কোন তথ্য পুলিশের কাছে ছিল না।
লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ডরি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, তিনি ও তার স্ত্রী “এই ভয়াবহ পরিস্থিতিতে মর্মাহত এবং সকল ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করছেন”।