বজ্রপাতের মত আকস্মিক এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

দেশজুড়ে ভয়াবহভাবে ছড়িয়ে পড়া হাম নিয়ে কোনো প্রস্তুতি ছিল না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। বৃহস্পতিবার ঢাকা শিশু হাসপাতালে এক প্রশিক্ষণ কর্মসূচিতে গিয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেছেন, ‘বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের কোনো প্রস্তুতি ছিল না।’

একটি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও ‘কমিউনিকেশন গ্যাপে’র কারণে অনেক শিশুর মৃত্যু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আমি অনেক মর্মাহত।”

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এর আগে একটা ঘটনায় একটা মাত্র ক্যাজুয়ালিটি হয়েছিল, সংক্রামকব্যাধী হাসপাতাল, মহাখালীতে। আমরা রাত ১টায় সেখানে গিয়েছিলাম। আমরা সমাধান করতে পেরেছিলাম।”

তিনি দাবি করেন, “ হাসপাতালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে আইসিইউ ছিল সেটা ১৮ ঘণ্টার মধ্যে তড়িত গতিতে ডাক্তার-নার্সদের নিয়ে চালু করেছি। যে কারণে সেখানে আর কোনো ক্যাজুয়ালিটিজ হয়নি।”