অনলাইন-অফলাইন ক্লাসে যাওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে: শিক্ষামন্ত্রী 

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা করতে অনলাইন-অফলাইন মিলিয়ে সমন্বিত শিক্ষা ব্যবস্থার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী  আ ন ম এহসানুল হক মিলন।

মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ বিষয়ে গণমাধ্যমে বিস্তারিত কথা বলেন।

অনলাইন-অফলাইন ক্লাস প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, আমরা আলোচনা করছি যে অনলাইন এডুকেশনকে প্রমোশন করা। যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড ক্রাইসিস, নট অনলি বাংলাদেশ। আমরা জানি না এটা কতদিন চলবে। সেই কারণে আমরা ভাবছি আমাদের স্কুল সিস্টেমগুলোকে অনলাইনে এনে তাদেরকে অন অ্যান্ড অফ মানে ব্লেন্ডিং সিস্টেম করা।

তিনি আরও বলেন, “সপ্তাহে আমাদের পাঁচদিন ক্লাস ছিল। এখন আমরা কিছু ক্লাস আওয়ার লস করেছি রোজার ছুটিতে এবং বিভিন্ন রকমের দেশের আন্দোলনসহ সব মিলিয়ে। তো আমরা এই স্কুল আওয়ারটাকে অর্থাৎ সিক্স ডেইজ এ উইক করছি। ইন দ্য মিনটাইম আমাদের ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্লেন্ডিং করা যায় কি না।”

ছয় দিনে কয়দিন অনলাইনে হবে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আমাদের মন্ত্রণালয় থেকে প্রপোজাল দিবো। কেবিনেট মিটিং যেটা একসেপ্ট করবে সেটাই হবে। আমরা এখনও প্রপ্রোজাল দেইনি, তবে ব্লেন্ডিং করবো আমরা। আলোচনা চলছে।

শিক্ষা ব্যবস্থায় কোন অংশে বাস্তবায়ন হবে এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, “কোনো নির্দিষ্ট এডুকেশনের সিস্টেম বলছি না। শুধু ইউনিভার্সিটি নয়, স্কুল সিস্টেমের মধ্যে ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়ামসহ অল মিডিয়াম।”

তিনি আরও জানান, বিশেষ করে মহানগরীগুলোতে ট্রাফিক জট, জ্বালানি সংকট এবং আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব মোকাবিলায় বিকল্প ব্যবস্থাও ভাবা হচ্ছে। এর মধ্যে শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু, বৈদ্যুতিক বাস, মেট্রো ও সৌরশক্তিচালিত পরিবহন ব্যবস্থার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

মন্ত্রী আরও জানান, “ইতোমধ্যে আমি সার্ভে করেছি ৫৫ শতাংশ মানুষ চাচ্ছে তারা যেন অনলাইনে যায়। কিন্তু কমপ্লিটলি অনলাইনে যা হয়, আমরা আবার আনসোসাল হয়ে যাবো।”