মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান 

বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশে’র গায়িকা এবং একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মাহবুবা রহমানের জন্ম ১৯৩৫ সালে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

অতি অল্প বয়সেই সংগীতজগতে পা রাখেন মাহবুবা রহমান। ‘অল ইন্ডিয়া রেডিও’র ঢাকা কেন্দ্র থেকে ১৯৪৭ সালে মাত্র ১২ বছর বয়সে তার সংগীত জীবনের শুরু। পল্লীগীতি ও আধুনিক গানে তার বিশেষ দক্ষতা ছিল।

১৯৫৬ সালে দেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশে সমর দাসের সুরে তিনি গেয়েছিলেন ‘মনের বনে দোলা লাগে’। এই গানটিই তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়।

এরপর জহির রায়হানের ‘কখনো আসেনি’ চলচ্চিত্রে খান আতাউর রহমানের সুরে ‘নিরালা রাতের প্রথম প্রহরে’ এবং ‘তোমাকে ভালোবেসে অবশেষে কী পেলাম’ গানগুলো তাকে পৌঁছে দেয় জনপ্রিয়তার শীর্ষে। পরবর্তীতে ১৯৫৮ সালে খান আতাউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়।

পঞ্চাশ থেকে সত্তরের দশকের রেডিও এবং চলচ্চিত্রে তার গাওয়া অসংখ্য গান কালজয়ী হয়ে আছে। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ‘জাগো হুয়া সাভেরা’, ‘আসিয়া’, ‘এ দেশ তোমার আমার’, ‘সোনার কাজল’, ‘নবাব সিরাজউদ্দৌলা’ ও ‘সাত ভাই চম্পা’র মতো অসংখ্য কালজয়ী চলচ্চিত্রে গান গেয়েছেন।

সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘একুশে পদক’-এ ভূষিত করে।