এই মুহূর্তে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, সরকার আপাতত জ্বালানির মূল্য বৃদ্ধির কোন পরিকল্পনা করছে না।
বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি অথনৈতিক ক্ষতি ও সরকারের উপর চাপ তৈরি করছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি ও বিদ্যুত নিয়ে সাম্প্রতিক অতীতেও কোন সমস্যা ছিলো না, এই মুহূর্তেও কোন সংকট নেই।
সরকার জ্বালানি সরবরাহ করেও জনগণের উদ্বেগ ও উৎকণ্ঠা অনেকক্ষেত্রে কমাতে পারেনি বা কমেনি উল্লেখ করে অনিন্দ্য ইসলাম বলেন, “এটি ছিলো প্যানিক বায়িং।” সরকার একে স্বাভাবিক ভাবে দেখেছে এবং স্বাভাবিক প্রক্রিয়ায় এই সমস্যা সমাধানের চেষ্টা করেছে বলেও জানান তিনি।
এ ছাড়া, ভারতের সঙ্গে পাইপলাইন দিয়ে ধারাবহিকভাবে জ্বালানি আসছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে ভারত থেকে গড়ে প্রতি মাসে ১৫ হাজার টন জ্বালানি বাংলাদেশে আসছে। আমদানির এই পরিমাণ আরও বাড়ানোর জন্য ভারত সরকারকে অনুরোধ করা হয়েছে।
অকটেনের এবং পেট্রোলের কার্যত কোন সংকট নেই বলে নিশ্চিত করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, অকটেন এবং পেট্রোল প্রায় পুরোটাই বাংলাদেশ উৎপাদন ও পরিশোধন করে। এ ছাড়া দুইটি জ্বালানি পরিবহনকারী জাহাজের মধ্যে একটি সোমবার এসে পৌছেছে এবং আরেকটি বন্দরের আউটার অঞ্চলে আছে।