সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে ড্রোন হামলা

সৌদি আরবের সবচেয়ে বড় তেল কোম্পানির শোধনাগারে হামলা চালিয়েছে ইরান। শোধনাগারটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো তাদের রাস তানুয়া শোধনাগারটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। সোমবার সকালে ড্রোন হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৌদি আরবের পারস্য উপসাগরীয় উপকূলে অবস্থিত এই রাস তানুয়া কমপ্লেক্সটি মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহত্তম তেল শোধনাগার। দৈনিক ৫ লাখ ৫০ হাজার ব্যারেল তেল পরিশোধনের সক্ষমতাসম্পন্ন এই স্থাপনাটি বন্ধ হওয়ার খবরের সাথে সাথেই বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম একলাফে প্রায় ১০% বৃদ্ধি পেয়েছে। 

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই, কাতারের দোহা, বাহরাইনের মানামা এবং ওমানের বাণিজ্যিক বন্দর দুকম-এও দফায় দফায় হামলা চালানো হয়েছে। এসব হামলার ফলে সংযুক্ত আরব আমিরাত ও ওমানের প্রধান শিপিং হাব বা নৌ-বন্দরগুলো বর্তমানে অচল হয়ে পড়েছে।