প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিঠিতে তিনি বলেন, “বাংলাদেশে সদ্য সমাপ্ত সংসদীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জয় এবং আপনাকে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনি যখন এই উচ্চ দায়িত্বপূর্ণ পদ গ্রহণ করছেন, তখন আপনার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।”
নরেন্দ্র মোদী আরও বলেন, “আপনার এই জয় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আপনার নেতৃত্বের প্রতি আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। দেশকে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার আপনার যে স্বপ্ন তার প্রতি তাদের সমর্থনের ম্যান্ডেট।”
ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত ও বাংলাদেশের সম্পর্ক গভীরভাবে সম্পর্কিত উল্লেখ করে মোদী আরও বলেন, “আমাদের অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন এবং দুই দেশের মানুষের শান্তি ও সমৃদ্ধির আকাঙ্ক্ষার ওপর প্রতিষ্ঠিত। আমাদের উন্নয়ন অগ্রাধিকারের শক্তিশালী মিল ভবিষ্যৎ সহযোগিতার পথনির্দেশক হিসেবে কাজ করবে।”
চিঠিতে নরেন্দ্র মোদী বলেন, “আমি আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি, যাতে আমাদের বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হয় এবং আঞ্চলিক সহযোগিতা জোরদার হয়। একইসঙ্গে সংযোগ, বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, জ্বালানি, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও জনগণের পারস্পরিক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের অভিন্ন লক্ষ্যসমূহ যে এগিয়ে নেওয়া যায় সেজন্য আমরা কাজ করবো।”
দ্রুত বিকাশমান দুটি অর্থনীতি ও অগ্রসরমান সমাজ হিসেবে ভারত ও বাংলাদেশ পরস্পরের টেকসই প্রবৃদ্ধির অনুঘটক হতে পারে উল্লেখ করেন নরেন্দ্র মোদী।
চিঠিতে তারেক রহমানকে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমানসহ ভারত সফরের আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী। তিনি বলেন, “ভারতে আপনাদের জন্য আন্তরিক অভ্যর্থনা অপেক্ষা করছে।”
চিঠির শেষে তারেক রহমানের সুস্বাস্থ্য, সাফল্য এবং বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন ভারতের প্রধানমন্ত্রী।