জনগণকে পক্ষে আনতে বিএনপি সফল হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ের পর এটাই ছিল তারেক রহমানের প্রথম সংবাদ সম্মেলন, যিনি দেশের পরবর্তী সরকারপ্রধান হিসেবে শপথ নিতে যাচ্ছেন।
সংবাদ সম্মেলনে দেশি-বিদেশি সাংবাদিকরা উপস্থিত হন। লিখিত বক্তব্যের পর তারেক রহমান বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
একজন সাংবাদিক প্রশ্ন করেন, “দুইশ'র বেশি আসন পাওয়ার জন্য আপনাকে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হইলো কিনা?”
জবাবে তারেক রহমান বলেন, "জনগণকে কনভিন্স করাই আমাদের ইঞ্জিনিয়ারিং।"
"আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল, জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসার, সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি," বলেন তিনি।
নির্বাচনে জয় পেলে আইনশৃঙ্খলার উন্নয়নে ‘প্রাধান্য’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তারেক রহমান। সংবাদ সম্মেলনে ‘নিরাপত্তার’ বিষয়ে তাকে প্রশ্ন করা হয়।
তারেক রহমান বলেন, “যে কোনো মূল্যে শান্তি ও আইনশৃঙ্খলা রক্ষা করতে হবে। কোনো প্রকার বিশৃঙ্খলা আমরা মেনে নেবো না।”
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন নিয়েও কথা বলেন তিনি।
“আমরা এমন একটি ইকোনমি ইনক্রিজ করতে চাই যেখানে সবাই সবার যোগ্যতা ও মেধার ভিত্তিতে ব্যবসা বাণিজ্য সব কিছু করতে পারবে।”
নির্বাচনে অংশ নেওয়া প্রতিটি দলকে অভিনন্দন জানিয়ে জাতীয় ঐক্যের কথা তুলে ধরেন তারেক রহমান।
“মত ও চিন্তার ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে সবাই এক। জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা।"
সুষ্ঠু ও অবাধ নির্বাচন পরিচালনা এবং দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সব কর্মকর্তা, জনপ্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান।
পাশাপাশি গণতন্ত্রের পথ সুগম করার জন্য '৭১ ও '২৪ এর শহিদ এবং ‘অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে’ প্রাণ দেওয়া সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন বিএনপির চেয়ারম্যান।