সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকার মুনাফায় করের হার ৫ শতাংশই থাকছে

পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফার ওপর উৎসে কর ৫ শতাংশই থাকছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

মঙ্গলবার এনবিআর থেকে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, পূর্বের মতো পাঁচ লাখ টাকা পর্যন্ত পেনশনার সঞ্চয়পত্রে মুনাফার ওপর কোনো উৎসে কর কাটা হবে না। 

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো ওই চিঠিতে আরও বলা হয়েছে, ২০১৯ সালে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী কোনো ব্যক্তি যদি সব ধরনের সঞ্চয়পত্রে মোট বিনিয়োগ পাঁচ লাখ টাকা অতিক্রম না করেন, তাহলে অর্জিত মুনাফার ওপর উৎসে করের হার হবে ৫ শতাংশ।

তবে পাঁচ লাখ টাকা অতিক্রম করলে অর্জিত মুনাফার ওপর উৎসে করের হার ১০ শতাংশ হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

সেখানে বলা হয়েছে, আয়কর আইন ২০২৩-এর ১০৫ ধারা অনুযায়ী কোনো ব্যক্তির সব ধরনের সঞ্চয়পত্রে বিনিয়োগের মোট পরিমাণ পাঁচ লাখ টাকা অতিক্রম করলেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।

এর আগে ২০২৫ সালের ৩১এ ডিসেম্বর জারি করা এক সরকারি প্রজ্ঞাপনে বলা হয়, ১ জানুয়ারি ২০২৬ থেকে সঞ্চয়পত্রের মুনাফা হার কমানো হবে। তবে ঘোষণার চার দিনের মাথায় সেই সিদ্ধান্ত বাতিল করা হয়। 

বর্তমানে চার ধরনের সঞ্চয়পত্র রয়েছে- পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র এবং তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র। পরিবার সঞ্চয়পত্র ছাড়া বাকি সঞ্চয়পত্রে ব্যক্তি ও প্রতিষ্ঠান দু’পক্ষই বিনিয়োগ করতে পারে।