ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরে যাওয়া নিজস্ব ব্যাপার: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ থেকে ভারতের কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া নিয়ে কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার বিকেলে তার দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা একেবারেই তাদের নিজস্ব ব্যাপার। তারা তাদের কর্মচারীদের পরিবারকে চলে যেতে বলতেই পারেন, যেকোনো সময়। কেন বলেছেন, আমি তার কারণ খুঁজে পাই না।’

উপদেষ্টা দাবি করেন, “বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি নেই যে তাদের কর্মকর্তা বা পরিবার কোনো বিপদে আছে যে  ফিরে যেতে হবে। একটিও ইনসিডেন্ট ঘটেনি এমন। ”

তিনি বলেন, ‘তাদের মনে হয়তো আশঙ্কা আছে, অথবা তারা কোনো মেসেজ দিতে চায় কি না। হতে পারে। তবে আমি সঠিক কোনো মেসেজ খুঁজে পাচ্ছি না। 

মো. তৌহিদ হোসেন আরও বলেন, তবে আমি এটাকে বলবো যে তারা যদি তাদের পরিবার-পরিজনকে ফেরত নিতে চান। আমাদের তো কিছু করার নেই। নিতেই পারেন তারা। 

এখন পর্যন্ত নিরাপত্তার কোনো বিঘ্ন ঘটেনি উল্লেখ করে তিনি বলেন, ‘এর আগেও যখন নির্বাচন হয়েছে তখন ছোটখাটো সংঘাত ঘটেছিল। এবার তার চেয়েও বেশি কিছু হচ্ছে বলে আমাদের মনে হয়নি।”