বাংলাদেশে ফিরতে পেরে ভীষণ আনন্দিত: ব্রেন্ট ক্রিস্টেনসেন

ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের মনোনীত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার রাতে দূতাবাসের ফেইসবুক পেইজে এ খবর জানানো হয়। সাথে এসেছেন তার স্ত্রী মিসেস ডিয়ান ডাও।

এর আগে ১০ই জানুয়ারি বাংলাদেশে ১৯তম মার্কিন রাষ্ট্রদূত হিসেবে শপথ নেন তিনি। ফেইসবুক পেইজে ব্রেন্টকে উদ্ধৃত করে লেখা হয়েছে, “বাংলাদেশে ফিরতে পেরে আমি ভীষণ আনন্দিত”।

সোমবার রাতে যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেইসবুকে ব্রেন্টকে উদ্ধৃত করে লেখা হয়েছে, “বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করতে পারা আমার জন্য সম্মানের বিষয়। আমি আমাদের দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় করে আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি এগিয়ে নিতে আগ্রহী। আমার স্ত্রী এবং আমি এমন একটি দেশে ফিরে আসতে পেরে আনন্দিত, যে দেশের সঙ্গে আমাদের অনেক সুন্দর স্মৃতি জড়িয়ে আছে।”

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আরও দৃঢ় করতে, প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্যকে এগিয়ে নিতে এবং প্রতিদিন নিরলসভাবে কাজ করে আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলতে আমি উচ্ছ্বসিত,” বলেছেন তিনি।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর হিসেবে কাজ করেছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন।

ইউএস স্ট্র্যাটেজিক কমান্ডারের পররাষ্ট্র নীতি উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি।

দীর্ঘ কূটনৈতিক ক্যারিয়ারে ম্যানিলা, রিয়াদ, সান সালভাদর এবং হো চি মিন সিটিসহ বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন যুক্তরাষ্ট্রের এই কূটনীতিক।