ভেনেজুয়েলায় বড় ধরনের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার সকাল থেকেই দেশটির রাজধানী কারাকাসের একাধিক স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। যুক্তরাষ্ট্রের দাবি, ইতোমধ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানান,যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় বড় আকারের অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে।
ট্রাম্প লিখেছেন, “ভেনেজুয়েলায় সফলভাবে বড় আকারের হামলা চালিয়ে দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার স্ত্রীসহ আটক করে দেশের বাইরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র।”
অনেকদিন ধরেই প্রেসিডেন্ট মাদুরোর ওপর আন্তর্জাতিক মাদক পাচারের চক্র চালানোর অভিযোগ তুলে আসছে যুক্তরাষ্ট্র। তবে তা বরাবরই অস্বীকার করেছেন মাদুরো। নিকোলাস মাদুরোকে কীভাবে আটক করা হয়েছে এবং কোথায় নেওয়া হয়েছে তা নিয়ে কোন বিস্তারিত তথ্য দেননি ট্রাম্প।
তবে হামলার ব্যাপারে নিশ্চিত করলেও মাদুরো আটক হওয়ার ব্যপারে এখনো কিছু জানায়নি ভেনেজুয়েলার সরকার।